ছবিঃ বাসস
নতুন বেতন কাঠামোয় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন বাড়লেও কয়েকটি ভাতা ও উচ্চ গ্রেডের বার্ষিক বেতন বৃদ্ধির হার কমানোর প্রস্তাব করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে প্রকাশিত ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’-এ এসব পরিবর্তনের কথা উল্লেখ করা হয়েছে।
নতুন বেতন কাঠামো ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর ধরা হয়েছে। তবে বর্ধিত বেতন একসাথে কার্যকর না হয়ে নির্ধারিত ধাপে বাস্তবায়ন করা হবে। নতুন কাঠামোয় ভাতার শতকরা হার কিছু ক্ষেত্রে কমলেও মূল বেতন বাড়ার কারণে প্রাপ্য টাকার পরিমাণ আগের তুলনায় বাড়তে পারে।
সবচেয়ে বড় পরিবর্তন এসেছে বাড়িভাড়া ভাতায়। বর্তমানে ঢাকা সিটি করপোরেশন এলাকায় গ্রেড অনুযায়ী মূল বেতনের ৫০ থেকে ৬৫ শতাংশ বাড়িভাড়া দেয়া হয়। নতুন কাঠামোয় এ হার ৪০ থেকে ৬০ শতাংশ করার প্রস্তাব রয়েছে। ঢাকার বাইরে অন্যান্য সিটি করপোরেশন ও সাভার উপজেলায় বর্তমান ৪০ থেকে ৫৫ শতাংশের পরিবর্তে ৩০ থেকে ৫০ শতাংশ এবং অন্যান্য এলাকায় ৩৫ থেকে ৫০ শতাংশের পরিবর্তে ২৫ থেকে ৪৫ শতাংশ বাড়িভাড়া নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
বাংলা নববর্ষ ভাতার হারও কমছে। বর্তমানে মূল বেতনের ২০ শতাংশ হারে এ ভাতা দেয়া হলেও নতুন কাঠামোয় তা ১৫ শতাংশ করার প্রস্তাব রয়েছে। অন্যদিকে দুর্গম পার্বত্য এলাকায় কর্মরতদের পাহাড়ি ভাতা মূল বেতনের ২০ শতাংশই রাখা হচ্ছে। পার্বত্য জেলা ও উপজেলা সদরের জন্য সর্বোচ্চ ৫ হাজার এবং সদরের বাইরে সর্বোচ্চ ৫ হাজার ৫০০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। হাওর, দ্বীপ ও চরভাতাও মূল বেতনের ২০ শতাংশ বহাল রেখে সর্বোচ্চ ৫ হাজার টাকা করার প্রস্তাব রয়েছে।
শিক্ষাসহায়ক, কার্যভার, আপ্যায়ন, কুক অ্যান্ড সিকিউরিটিজ অ্যালাউন্স, উৎসব এবং শ্রান্তি-বিনোদন ছুটি ও ভাতার বর্তমান হার ও পরিমাণ অপরিবর্তিত রাখার প্রস্তাব করা হয়েছে। ঝুঁকি ভাতাসহ কয়েকটি বিশেষ ভাতা আগের তুলনায় ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব রয়েছে।
এদিকে উচ্চ গ্রেডের সরকারি চাকরিজীবীদের বার্ষিক ইনক্রিমেন্টের হারও কমানো হয়েছে। বর্তমানে সব গ্রেডে মূল বেতনের ৫ শতাংশ হারে বার্ষিক ইনক্রিমেন্ট দেয়া হলেও নতুন কাঠামোয় ২০তম থেকে ষষ্ঠ গ্রেড পর্যন্ত এ হার বহাল থাকবে। পঞ্চম গ্রেডে ৪ শতাংশ, চতুর্থ ও তৃতীয় গ্রেডে ৩ দশমিক ৫ শতাংশ এবং দ্বিতীয় গ্রেডে ২ দশমিক ৭৫ শতাংশ ইনক্রিমেন্ট দেয়ার প্রস্তাব করা হয়েছে।
সশস্ত্র বাহিনীর ক্ষেত্রেও একই কাঠামো প্রযোজ্য হবে। ক্যাপ্টেন ও সমমর্যাদার পদ এবং তার নিচে ৫ শতাংশ, মেজর পদে ৪ শতাংশ, লেফটেন্যান্ট কর্নেল ও কর্নেল পদে ৩ দশমিক ৫ শতাংশ এবং ব্রিগেডিয়ার জেনারেল ও সমমর্যাদার পদে ২ দশমিক ৭৫ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্টের প্রস্তাব রাখা হয়েছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)