Logo
×

Follow Us

জাতীয়

১৯ নভেম্বর ‘মডেল খাল’কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ পিএম

১৯ নভেম্বর ‘মডেল খাল’কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।ছবিঃ সংগৃহীত

আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে ‘মডেল খাল’ কর্মসূচির উদ্বোধন করবেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। আগামী বছর পরীক্ষামূলকভাবে দেশের ২০টি খালকে মডেল খালে রূপ দেয়ার পরিকল্পনা করেছে সরকার।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সম্মেলনের উদ্বোধনী পর্বে এ তথ্য জানান মন্ত্রী।

পরিকল্পনা অনুযায়ী, এসব খালে পানি সংরক্ষণ ও নিষ্কাশনের পাশাপাশি খালের পাড়ে বৃক্ষরোপণ, মাছ চাষ ও হাঁস পালনের মতো কার্যক্রম যুক্ত করা হবে। একই সাথে বৃষ্টির পানি সংরক্ষণ ও প্রয়োজন অনুযায়ী নিষ্কাশনের ব্যবস্থা থাকবে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য এলাকাতেও এ মডেল সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বলেন, খাল খনন বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ। শুষ্ক মৌসুমে কৃষিকাজে পানি সরবরাহ, বর্ষায় পানি নিষ্কাশন এবং খাল ও এর পাড়কে কেন্দ্র করে মাছ চাষ ও বৃক্ষরোপণ গ্রামীণ জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে।

তিনি আরও বলেন, কাবিখা, কাবিটা, টিআর, জিআর, ভিজিএফ ও খাল খননসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের পাশাপাশি প্রান্তিক পর্যায়ে অর্থের প্রবাহও বাড়ছে।

সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন এডিপির বরাদ্দের অর্থ যথাসময়ে কাজে লাগানো এবং সরকারি অর্থের অপচয় রোধে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান। সম্মেলনে দেশের বিভিন্ন জেলা থেকে ডিআরআরও ও পিআইওরা অংশ নেন।

মন্তব্য করুন