Logo
×

Follow Us

জাতীয়

টেকসই উন্নয়নের জন্য বৈশ্বিক আর্থিক কাঠামো সংস্কারের আহ্বান ড. তিতুমীরের

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পিএম

টেকসই উন্নয়নের জন্য বৈশ্বিক আর্থিক কাঠামো সংস্কারের আহ্বান ড. তিতুমীরের

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। ছবিঃ বাসস

উন্নয়নশীল দেশগুলোর জন্য সাশ্রয়ী, ন্যায্য ও ঝুঁকি-সংবেদনশীল অর্থায়ন নিশ্চিত করতে বৈশ্বিক আর্থিক ব্যবস্থায় ব্যাপক সংস্কারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

নিউইয়র্কের স্থানীয় সময় শুক্রবার জাতিসংঘ সদরদপ্তরে আয়োজিত ‘লিডিং এসডিজি অ্যাকশন’ শীর্ষক লিডার্স ডায়ালগে তিনি এ আহ্বান জানান। ড. তিতুমীর বলেন, এমন একটি বৈশ্বিক আর্থিক কাঠামো প্রয়োজন, যা শুধু উন্নয়ন কার্যক্রমে অর্থায়ন করবে না; দীর্ঘমেয়াদে সেই উন্নয়ন টেকসই করার উপযোগী পরিবেশও তৈরি করবে।

বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংকসহ আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক করতে পাঁচটি অগ্রাধিকার তুলে ধরেন তিনি। এর মধ্যে রয়েছে সংকট দেখা দেয়ার পর ব্যবস্থা নেওয়ার বদলে আগেই ঝুঁকি শনাক্ত ও তা মোকাবিলার সক্ষমতা তৈরি, ঝুঁকিপ্রবণ দেশগুলোর সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ বাড়ানো এবং দীর্ঘমেয়াদি, স্বল্পব্যয়ী ও ন্যায্য অর্থায়ন নিশ্চিত করা।

এ ছাড়া আন্তর্জাতিক অর্থায়নকে সংশ্লিষ্ট দেশগুলোর জাতীয় উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে সমন্বয় এবং স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের সময় প্রয়োজনীয় নমনীয় সহায়তা ও অগ্রাধিকারমূলক সুবিধা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

সংলাপে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে বাংলাদেশের তৃণমূলভিত্তিক উদ্যোগের উদাহরণ হিসেবে ‘এসডিজি ভিলেজ’ কর্মসূচির কথা তুলে ধরেন ড. তিতুমীর। তিনি জানান, স্থানীয় মানুষের প্রয়োজন ও অগ্রাধিকারকে কেন্দ্র করে এ উদ্যোগে নবায়নযোগ্য জ্বালানি, নিরাপদ পানি, স্যানিটেশন, কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন, ডিজিটাল সেবা এবং জলবায়ু সহনশীলতার মতো বিষয়গুলো একসাথে এগিয়ে নেয়া হচ্ছে।

অনুষ্ঠানে ইউরোপীয় কমিশনের নির্বাহী ভাইস-প্রেসিডেন্ট তেরেসা রিবেরা, বেনিনের অর্থমন্ত্রী আরিস্তিদ মেদেনু এবং পানামার সামাজিক উন্নয়নমন্ত্রী বিয়াত্রিস কার্লেস দে আরাঙ্গো অংশ নেন। সংলাপটি সঞ্চালনা করেন সাউথ আফ্রিকান ব্রডকাস্টিং করপোরেশনের শেরউইন ব্রাইস-পিস।

মন্তব্য করুন