অভিন্ন প্রশিক্ষণ ও সনদ চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ পিএম
ছবিঃ পিএমও
জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তুলতে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশিক্ষণ কার্যক্রমকে সমন্বিত কাঠামোর আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে অভিন্ন সিলেবাসে প্রশিক্ষণ এবং মানসম্মত সনদ প্রদানের ব্যবস্থা করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) গভর্নিং বডির তৃতীয় সভায় সভাপতিত্বকালে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক এ তথ্য জানান।
সভায় প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে একাধিক দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হলেও সমন্বয়ের ঘাটতির কারণে এসব প্রশিক্ষণ ও সনদের কার্যকারিতা অনেক ক্ষেত্রে সীমিত থাকছে। ফলে দেশের তরুণরা জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে প্রত্যাশিত স্বীকৃতি থেকে বঞ্চিত হচ্ছেন।
তিনি বলেন, অভিন্ন ও আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ এবং সনদায়ন ব্যবস্থা চালু করা গেলে তরুণদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি দেশ-বিদেশের শ্রমবাজারে তাদের দক্ষতার গ্রহণযোগ্যতা ও স্বীকৃতি বাড়বে। এ লক্ষ্যে এনএসডিএকে দ্রুত প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন করে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশিক্ষণ কার্যক্রমকে একটি সমন্বিত ব্যবস্থায় আনার নির্দেশ দেন তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা বিবেচনায় দক্ষ মানবসম্পদ তৈরিতে এনএসডিএ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশি দক্ষ কর্মীদের চাহিদা বাড়াতেও প্রতিষ্ঠানটির কার্যকর ভূমিকা রয়েছে।
সভায় এনএসডিএর প্রশাসনিক কাঠামো, জনবল ও কার্যক্রমের পাশাপাশি জাতীয় দক্ষতা উন্নয়ন নীতি ও কৌশলপত্র নিয়ে আলোচনা হয়। এ সময় শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষতা তৈরি, বিভিন্ন খাতে দক্ষ জনবলের প্রয়োজন নিরূপণ এবং স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়।
এ ছাড়া প্রশিক্ষণের মান উন্নয়ন, সনদায়ন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সনদের পারস্পরিক স্বীকৃতির বিষয়গুলো সভায় গুরুত্ব পায়। বৈঠকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং এনএসডিএর নির্বাহী চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)