Logo
×

Follow Us

জাতীয়

বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পাবেন ১০০ শিক্ষক

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ পিএম

বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পাবেন ১০০ শিক্ষক

 

জাতি গঠনে শিক্ষকদের অবদানের স্বীকৃতি দিতে বিশ্ব শিক্ষক দিবসে দেশের ১০০ জন গুণী শিক্ষককে জাতীয় পর্যায়ে সম্মাননা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় ‘বিশ্ব শিক্ষক দিবস উদযাপন নীতিমালা-২০২৬’ প্রকাশ করেছে। নীতিমালা অনুযায়ী, প্রতি বছর ৫ অক্টোবর সারাদেশে একযোগে দিবসটি উদযাপন করা হবে।

সম্মাননাপ্রাপ্ত প্রত্যেক শিক্ষককে এক লাখ টাকা নগদ অর্থ, ক্রেস্ট ও সম্মাননা সনদ দেয়া হবে। উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হবে। এর কেন্দ্রীয় সমন্বয়ের দায়িত্বে থাকবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

নীতিমালায় দিবসটি উদযাপনের তিনটি প্রধান লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ইউনেস্কোর ঘোষিত প্রতিপাদ্যের আলোকে বিশ্ব শিক্ষক দিবস পালন, সমাজের বিভিন্ন স্তরে শিক্ষকদের ভূমিকা ও অবদান তুলে ধরা এবং গুণী শিক্ষকদের সম্মাননার মাধ্যমে শিক্ষক সমাজের প্রতি শ্রদ্ধা জানানো।

নীতিমালা অনুযায়ী, প্রাথমিক পর্যায়ে ১০ জন শিক্ষককে সম্মাননা দেয়া হবে। এর মধ্যে সাধারণ শিক্ষা থেকে পাঁচজন এবং মাদ্রাসা শিক্ষা থেকে পাঁচজন থাকবেন। মাধ্যমিক পর্যায়ে ২০ জনের মধ্যে সাধারণ শিক্ষা থেকে ১০ জন, কারিগরি শিক্ষা থেকে পাঁচজন এবং মাদ্রাসা শিক্ষা থেকে পাঁচজন নির্বাচিত হবেন।

কলেজ পর্যায়ে সম্মাননা পাবেন ২৫ জন শিক্ষক। তাদের মধ্যে সাধারণ শিক্ষা থেকে ১৫ জন, কারিগরি শিক্ষা থেকে পাঁচজন এবং মাদ্রাসা শিক্ষা থেকে পাঁচজন থাকবেন। সাধারণ বিশ্ববিদ্যালয় পর্যায়ে ২০ জনের মধ্যে সরকারি বিশ্ববিদ্যালয়ের ১৫ জন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পাঁচজন শিক্ষককে নির্বাচিত করা হবে।

এ ছাড়া বিশেষায়িত ও অন্যান্য প্রতিষ্ঠান থেকে ২০ জন শিক্ষক সম্মাননা পাবেন। এর মধ্যে চিকিৎসা মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় থেকে ১০ জন, কৃষি বিশ্ববিদ্যালয় থেকে তিনজন, প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে তিনজন এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয় থেকে চারজন থাকবেন। প্রধানমন্ত্রীর নির্বাচনের মাধ্যমে আরো পাঁচজন শিক্ষক এই সম্মাননার আওতায় আসবেন।

নীতিমালায় বলা হয়েছে, বিশেষ পরিস্থিতিতে জাতীয় স্টিয়ারিং কমিটি সম্মাননার বিভিন্ন স্তর ও নির্ধারিত সংখ্যা পরিবর্তন করতে পারবে। গুণী শিক্ষক বাছাইয়ে সংশ্লিষ্ট অধিদপ্তর ও প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

এ জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা অধিদপ্তর প্রতিটি ক্যাটাগরিতে তিনজন করে শিক্ষকের প্যানেল তৈরি করে জাতীয় স্টিয়ারিং কমিটির কাছে পাঠাবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সংশ্লিষ্ট কমিটি প্রতিটি ক্যাটাগরিতে তিনজনের প্যানেল প্রস্তুত করে চূড়ান্ত অনুমোদনের জন্য স্টিয়ারিং কমিটির কাছে উপস্থাপন করবে।

মন্তব্য করুন