জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ পিএম
ফাইল ছবি
দেশীয় উৎস থেকে গ্যাসের সরবরাহ বাড়ানোর উদ্যোগে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে আরও ১২ দশমিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস। ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ থেকে নিয়মিত এই গ্যাস সরবরাহ শুরু হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে তিতাস-২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
সংশ্লিষ্টরা জানান, গত বছরের ১৫ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুরে কূপটির খননকাজ শুরু হয়। একটি চীনা প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত খননকাজে কূপটি প্রায় ৩ হাজার ৫২৬ মিটার গভীর করা হয়। পরে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়।
পরীক্ষামূলকভাবে গত ১৯ জুন তিতাস-২৮ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়। ওই সময়ে প্রায় ২০০ কোটি টাকা মূল্যের গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এখন থেকে কূপটি থেকে প্রতিদিন ১২ দশমিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এর ফলে দেশে গ্যাসের সরবরাহ আরো বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বর্তমানে তিতাস গ্যাসক্ষেত্রের ২৩টি কূপ উৎপাদনে রয়েছে। এসব কূপ থেকে প্রতিদিন গড়ে ৩৩১ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)