Logo
×

Follow Us

জাতীয়

আজ দুপুরে আসতে পারে নবম পে স্কেলের প্রজ্ঞাপন

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ পিএম

আজ দুপুরে আসতে পারে নবম পে স্কেলের প্রজ্ঞাপন

সংগৃহীত ছবি

দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি কর্মচারীদের নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপন জারির প্রস্তুতি শেষ পর্যায়ে। সংশ্লিষ্ট সরকারি সূত্র জানিয়েছে, শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরের পর নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন প্রকাশ হতে পারে।

এর আগে গত ৩১ আগস্ট মন্ত্রিসভায় জাতীয় পে স্কেল-২০২৬ অনুমোদন দেয়া হয়। নতুন বেতন কাঠামো চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর ধরা হয়েছে।

নতুন পে স্কেলেও সরকারি চাকরিতে বিদ্যমান ২০টি গ্রেড বহাল থাকছে। ২০তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা। আর প্রথম গ্রেডের মূল বেতন হবে ১ লাখ ৫৬ হাজার টাকা। প্রথম থেকে ১১তম গ্রেড পর্যন্ত মূল বেতন দ্বিগুণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ২০তম গ্রেডে বেতন বাড়বে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত। পাশাপাশি সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের বেতনের অনুপাত ১:১.৭৮-এ নামিয়ে আনা হয়েছে।

নতুন কাঠামোয় বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য মাসে ৩ হাজার টাকা প্রতিবন্ধী সন্তান ভাতা দেওয়ার সিদ্ধান্ত রয়েছে। এ ছাড়া সব গ্রেডের সরকারি কর্মচারীর জন্য মোবাইল ভাতার ব্যবস্থাও রাখা হয়েছে।

নবম পে স্কেলের প্রভাব অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পেনশনেও পড়বে। নিট পেনশনপ্রাপ্তদের জন্য বিভিন্ন স্তরে পেনশন বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে। মাসে ৯ হাজার টাকা বা তার কম নিট পেনশন পাওয়া ব্যক্তিদের ১০০ শতাংশ, ৯ হাজার ১ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত ৭৫ শতাংশ, ২০ হাজার ১ টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত ৬৫ শতাংশ, ৩০ হাজার ১ টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত ৬০ শতাংশ এবং ৪০ হাজার ১ টাকা বা তার বেশি নিট পেনশন পাওয়া ব্যক্তিদের ৫৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত রয়েছে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, সামরিক ও অসামরিক চাকরিতে ‘এক গ্রেড এক পেনশন’ ব্যবস্থা ২০৩০ সালের মধ্যে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। প্রয়োজনীয় তথ্যের ঘাটতি এবং এর সঙ্গে বড় ধরনের আর্থিক সংশ্লেষ থাকায় একবারে পুরো ব্যবস্থা চালু করা হচ্ছে না।

নতুন বেতন কাঠামোও এক ধাপে সম্পূর্ণ বাস্তবায়ন হবে না। ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরে পর্যায়ক্রমে এটি কার্যকর করার সিদ্ধান্ত হয়েছে। ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ১ জুলাইয়ের মধ্যে মূল বেতন তিন ধাপে কার্যকর হবে। বিভিন্ন ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে একযোগে চালুর কথা রয়েছে।

নতুন পে স্কেলে তুলনামূলক কম আয়ের কর্মচারীদের অগ্রাধিকার দেয়া হয়েছে। বিশেষ করে ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের বেতন কাঠামোয় তুলনামূলক বেশি গুরুত্ব দেয়ার সিদ্ধান্ত রয়েছে।

মন্তব্য করুন