Logo
×

Follow Us

জাতীয়

সার্ককে সক্রিয় করতে ভুটানের জোরালো সমর্থন চাইল বাংলাদেশ

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ পিএম

সার্ককে সক্রিয় করতে ভুটানের জোরালো সমর্থন চাইল বাংলাদেশ

ছবি: মন্ত্রণালয়

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সার্ক) আবার সক্রিয় করতে ভুটানের জোরালো সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বল্প সময়ের যাত্রাবিরতিকালে এ অঞ্চল ও এর জনগণের যৌথ কল্যাণে সার্ককে পুনরুজ্জীবিত করতে দেশটির সমর্থন চায় বাংলাদেশ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার দুপুর ১টা ৫৫ মিনিটে ভুটানের প্রধানমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। এ সময় মন্ত্রীদ্বয় একটি সমৃদ্ধ দক্ষিণ এশিয়ার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

সংক্ষিপ্ত আলাপকালে বাংলাদেশের মন্ত্রীদ্বয় ভুটানের প্রধানমন্ত্রীকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উষ্ণ শুভেচ্ছা জানান।

আলোচনায় ১৯৭১ সালে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে প্রথম স্বীকৃতি দেয়ার ক্ষেত্রে ভুটানের ঐতিহাসিক ভূমিকা স্মরণ করা হয়। একই সাথে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও সুদৃঢ় সম্পর্কের বিষয়টি তুলে ধরে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়।

বৈঠকে ভুটানের পরিকল্পিত ‘গেলেফু মাইন্ডফুলনেস সিটি’ (জিএমসি) প্রকল্পে বাংলাদেশ থেকে বিভিন্ন পেশার পেশাজীবী, দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি পাঠিয়ে সহযোগিতা করার আগ্রহের কথাও জানানো হয়। দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা জোরদারে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে উদ্যোগ ও ভাবনার কথা বাংলাদেশ তুলে ধরেছে, তারও উল্লেখ করা হয়। এর আগে ১৬ সেপ্টেম্বর ভুটানের রাষ্ট্রদূতের সাথে বৈঠকেও সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সমর্থন চেয়েছিল বাংলাদেশ।

বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী শেরিং তোবগে জার্মানির উদ্দেশে রওনা হওয়ার আগে ভিভিআইপি লাউঞ্জে প্রায় এক ঘণ্টা অবস্থান করেন।

মন্তব্য করুন