Logo
×

Follow Us

জাতীয়

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন

নভেম্বরে ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পিএম

নভেম্বরে ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

নভেম্বরে ভারতের রাজধানী নয়াদিল্লি সফর করতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য এই সফরকে সামনে রেখে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে উচ্চপর্যায়ের আলোচনা আবারও শুরু হয়েছে। তবে সফরের তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

প্রতিবেদন অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের সময়সূচি ও আলোচ্যসূচি নির্ধারণে দুই দেশের কর্মকর্তারা যোগাযোগ ও বৈঠক করছেন। ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীও বাংলাদেশের সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে ধারাবাহিক বৈঠক করছেন।

সফরটি হলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক হতে পারে। আলোচনায় দুই দেশের বাণিজ্য, সীমান্ত ও নিরাপত্তাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্ব পেতে পারে। গঙ্গার পানি বণ্টন চুক্তির নবায়নের বিষয়টিও আলোচনায় আসার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এর আগে জানিয়েছিলেন, ভারতের সাথে সম্পর্ককে পারস্পরিক স্বার্থ ও ভারসাম্যের ভিত্তিতে নতুনভাবে এগিয়ে নিতে চায় ঢাকা। সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্কে বিভিন্ন বিষয়ে টানাপোড়েন তৈরি হলেও উভয় পক্ষের মধ্যে দ্বিপক্ষীয় যোগাযোগ অব্যাহত রয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থানও দুই দেশের সম্পর্কে গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে রয়েছে। ঢাকা তার প্রত্যর্পণের দাবি জানিয়ে আসছে। ভারত জানিয়েছে, বাংলাদেশের অনুরোধটি দেশটির প্রচলিত আইন ও আইনি প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে।

মন্তব্য করুন