চিকিৎসার জন্য রোগীদের বিদেশ যাওয়ার প্রবণতা কমেছে: সমাজকল্যাণমন্ত্রী
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ পিএম
ছবি: সংগৃহীত
সমাজকল্যাণমন্ত্রী এ. জেড. এম. জাহিদ হোসেন বলেছেন, বলেন, চিকিৎসার জন্য রোগীদের বিদেশ যাওয়ার প্রবণতা কমেছে। চিকিৎসার মান আরও বাড়ানো গেলে দেশের স্বাস্থ্যসেবার প্রতি মানুষের আস্থা ফিরে আসবে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে কার্ডিওভাসকুলার সার্জারি বিষয়ক সম্মেলনে এ কথা বলেন তিনি।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত সব ধরনের মানুষের স্বাস্থ্যসেবার বিষয়টি মাথায় রেখে পরিকল্পনা সাজাচ্ছে সরকার। সেই পরিকল্পনা বাস্তবায়ন করতেই স্বাস্থ্যখাতে বাজেট দ্বিগুণ করা হয়েছে।
তিনি বলেন, হৃদ্রোগের চিকিৎসায় দেশেই এখন অনেক আধুনিক সুযোগ-সুবিধা তৈরি হয়েছে। তবে চিকিৎসক ও সার্জনদের সক্ষমতা কাজে লাগাতে প্রয়োজন ভিশনারি প্ল্যানিং। হৃদরোগের প্রকোপ বাড়লেও এখন হার্টের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন হচ্ছে না বলে জানান তিনি।
সমাজকল্যাণমন্ত্রী দেশের সার্জন ও অধ্যাপকদের কাজে লাগিয়ে চিকিৎসাসেবার আউটপুট বাড়াতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানান। পাশাপাশি স্বাস্থ্য ও শিক্ষা খাতে সরকারের বরাদ্দের যথাযথ ব্যবহার এবং রোগীর প্রয়োজনের মুহূর্তে দ্রুত সেবা নিশ্চিত করার তাগিদ দেন।
হাসপাতালে ২৪ ঘণ্টা সার্ভিস নিশ্চিত করতে হবে জানিয়ে মন্ত্রী বলেন, ইমার্জেন্সি সার্ভিস ২৪/৭ চালু রাখতে হবে, যেখানে রোগী ভর্তির ২ ঘণ্টার মধ্যে ওয়ার্কআপ এবং ৬ ঘণ্টার মধ্যে চিকিৎসার সিদ্ধান্ত নেয়া হবে।
এছাড়া চিকিৎসকদের দক্ষতা ও মাসিক ভাতা বাড়ানোর ওপরও তাগিদ দেন মন্ত্রী।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)