Logo
×

Follow Us

জাতীয়

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ এএম

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে আগামী সোমবার, ২১ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরসূচি অনুযায়ী, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তিনি। তবে এবারের যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করা হয়েছে। ভাষণ দেয়ার পরদিন ২৫ সেপ্টেম্বর রাতে নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, শুরুতে প্রধানমন্ত্রীর ২১ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্র সফরের পরিকল্পনা ছিল। সেই পরিকল্পনায় নিউইয়র্কের পাশাপাশি সান ফ্রান্সিসকো সফরের প্রস্তুতিও নেয়া হচ্ছিল। পরে সফরসূচি সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত হয়। একই সাথে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ও প্রতিনিধিদলের আকারও তুলনামূলক ছোট রাখা হয়েছে।

কর্মকর্তারা বলছেন, সংক্ষিপ্ত সফর ও ছোট প্রতিনিধিদল নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ সরকারের কৃচ্ছ্রসাধনের নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। নিউইয়র্কে অবস্থানকালে প্রধানমন্ত্রী জাতিসংঘের উচ্চপর্যায়ের কয়েকটি বৈঠকে অংশ নেবেন। পাশাপাশি বাংলাদেশের উদ্যোগে আয়োজিত বিভিন্ন আলোচনা এবং বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

জাতিসংঘের অধিবেশনের ফাঁকে উন্নয়ন, মহামারি প্রতিরোধ, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও পরমাণু নিরস্ত্রীকরণসহ গুরুত্বপূর্ণ কয়েকটি উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রীর অংশ নেয়ার কথা রয়েছে। এ ছাড়া রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশ কয়েকটি আলোচনা আয়োজন করবে।

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠকের প্রস্তুতি চলছে। সম্ভাব্য বৈঠকের তালিকায় রয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, কুয়েতের যুবরাজ শেখ সাবাহ আল-খালিদ আল-সাবাহ, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেঙ্কোভিচ এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সল বিন ফারহান আল সৌদ।

এ ছাড়া জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক, শরণার্থীবিষয়ক হাইকমিশনার বারহাম সালিহ, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং বোয়িং গ্লোবালের প্রেসিডেন্ট ব্রেন্ডান নেলসনের সাথেও প্রধানমন্ত্রীর বৈঠকের কথা রয়েছে। সফরকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া নৈশভোজেও অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মন্তব্য করুন