পুলকের মৃত্যু পেশাগত চ্যালেঞ্জটি দেখিয়ে দিয়েছে: জহির উদ্দিন স্বপন
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পিএম
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বলেছেন, সাংবাদিকতা একটি মর্যাদাবান পেশা। এই পেশায় যারা জড়িত তারা বেতনের নিশ্চয়তা ও মর্যাদা চান। পুলকের মৃত্যু পেশাগত চ্যালেঞ্জটি দেখিয়ে দিয়ে গেছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বরিশালের উত্তর মল্লিক রোডে প্রয়াত সাংবাদিক পুলক চ্যাটার্জির বাসভবনে গিয়ে তার স্ত্রী প্রিয়াংকা চ্যাটার্জি ও কন্যা প্রকৃতি চ্যাটার্জির সাথে কথা বলেন এবং পরিবারের সার্বিক খোঁজ-খবর নেন জহির উদ্দিন স্বপন।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের জহির উদ্দিন স্বপন বলেন, পুলকের সাথে আমার অনেক আগে থেকেই সম্পর্ক ও পরিচয়। আমি খুবই মর্মাহত। তার মৃত্যুর বেদনা এখনো কাটিয়ে উঠতে পারিনি।
তিনি বলেন, তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করার কারণে সাংবাদিকতা পেশার বিভিন্ন বিষয় নিয়ে তাকে ভেতর থেকে কাজ করতে হয়েছে। সাংবাদিক ও মালিকপক্ষের স্বার্থ নিশ্চিত করে একটি ওয়েজবোর্ড বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে মালিকপক্ষ, সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেছেন এবং কিছুটা কাজ এগিয়ে দিয়ে এসেছেন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, পুলকের মৃত্যুর ঘটনায় শুধু প্রতিক্রিয়া ব্যক্ত করলেই হবে না। পুলক আমাদের কাছে আর ফিরে আসবে না। তবে আমরা সবাই মিলে পুলকের পরিবারের দিকে খেয়াল রাখব।
এ সময় বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির, সাবেক সহ-সম্পাদক আনোয়ারুল হক তারিন, বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আমিরুল ইসলাম খসরু ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন এবং বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সুশান্ত ঘোষ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)