Logo
×

Follow Us

জাতীয়

বাংলাদেশিদের ভিসা সহজ করতে ভিয়েতনামের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ পিএম

বাংলাদেশিদের ভিসা সহজ করতে ভিয়েতনামের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

ছবিঃ বঙ্গভবন

বাংলাদেশের ব্যবসায়ী, বিনিয়োগকারী, কর্মী, শিক্ষার্থী ও পর্যটকদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া আরো সহজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো কার্যকর করতে মানুষের পারস্পরিক যোগাযোগ ও বাণিজ্যিক অংশীদারত্ব বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার সকালে বঙ্গভবনে বিদায়ী সাক্ষাৎ করতে আসা বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত গুয়েন ম্যানহ কুঅংয়ের সাথে বৈঠকে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ভিয়েতনামের রাষ্ট্রপতির পক্ষ থেকে মির্জা ফখরুলকে দেশটি সফরের আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি এ আমন্ত্রণের জন্য তাঁকে ধন্যবাদ জানান।

বৈঠকে দুই দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালু, অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি বাস্তবায়ন এবং উচ্চপর্যায়ের সফর বিনিময়ের বিষয়েও আলোচনা হয়। রাষ্ট্রপতি ২০০৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে তার ভিয়েতনাম সফরের স্মৃতিও তুলে ধরেন।

বাংলাদেশ ও ভিয়েতনামের বাণিজ্যকে আরও ভারসাম্যপূর্ণ ও পারস্পরিক লাভজনক করতে বাংলাদেশের রপ্তানি বাড়ানোর সুযোগ তৈরির ওপর জোর দেন রাষ্ট্রপতি। এ ক্ষেত্রে বাংলাদেশে উৎপাদিত ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য, সিরামিক, বাইসাইকেল, পাট ও পাটজাত পণ্যসহ বিভিন্ন পণ্যের ভিয়েতনামে আমদানি বাড়ানোর আহ্বান জানান তিনি।

রাষ্ট্রপতি বিদায়ী রাষ্ট্রদূতের দায়িত্বকালে বাংলাদেশ-ভিয়েতনাম সম্পর্ক উন্নয়নে তার ভূমিকার জন্য কৃতজ্ঞতা জানান। একই সাথে ভিয়েতনামে ফিরে যাওয়ার পরও দুই দেশের বন্ধুত্ব ও সহযোগিতা জোরদারে তিনি ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন।

বৈঠকে রাষ্ট্রপতির কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও ভিয়েতনাম দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন