Logo
×

Follow Us

জাতীয়

কোরআন প্রতিযোগিতার বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ পিএম

কোরআন প্রতিযোগিতার বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

সৌদি আরবে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় সফল বাংলাদেশের চার হাফেজকে সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সন্তানদের অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, এটি দেশের জন্যও সম্মানের। মেধা ও যোগ্যতার মাধ্যমে দেশের তরুণরা ভালো কিছু অর্জন করলে রাষ্ট্রীয়ভাবে তার স্বীকৃতি দেয়ার চেষ্টা করা হবে। মেধাবীদের উৎসাহ ও যথাযথ মূল্যায়ন করা গেলে ভবিষ্যৎ প্রজন্ম এবং দেশ উভয়ই এর সুফল পাবে বলে মন্তব্য করেন তিনি।

সরকার গঠনের পর থেকেই যোগ্য ও মেধাবী ব্যক্তিদের উৎসাহিত করার উদ্যোগের অংশ হিসেবে কোরআন প্রতিযোগিতার বিজয়ীদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে হাফেজদের শিক্ষকরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে সংশ্লিষ্ট মন্ত্রীর সাথে আলোচনা করে সম্ভাব্য সমাধানের উদ্যোগ নেয়ার আশ্বাস দেন তিনি।

ভবিষ্যতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতাসহ এ ধরনের আয়োজনে বাংলাদেশের প্রতিযোগীদের অংশগ্রহণে প্রয়োজনীয় সরকারি সহযোগিতার আশ্বাসও দেন তারেক রহমান। তিনি বলেন, দেশের ছেলে-মেয়েরা আন্তর্জাতিক অঙ্গনে অংশ নিয়ে দেশের জন্য সম্মান ও সুনাম বয়ে আনুক—সরকার সেটিই চায়।

অনুষ্ঠানে বিজয়ীদের হাতে বই উপহার দেন প্রধানমন্ত্রী। এর আগে সৌদি প্রতিযোগিতায় যে সূরাগুলো তিলাওয়াত করে তারা পুরস্কার অর্জন করেছেন, সেগুলোর আয়াতও তাদের কণ্ঠে শোনেন তিনি। দেশের শান্তি ও মানুষের কল্যাণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

সৌদি আরবের প্রতিযোগিতায় ১৩৩টি দেশের প্রতিযোগীদের অংশগ্রহণের মধ্যে বাংলাদেশের চারজন পুরস্কার অর্জন করেন। মোহাম্মদ জাকারিয়া ১৫ পারা হিফজ, তাজবিদ ও সুন্দর তিলাওয়াত বিভাগে প্রথম স্থান পান। শেখ মোহাম্মদ মাহমুদুল হাসান আল-আশরাফী ৩০ পারা হিফজ, তাজবিদ ও সুন্দর তিলাওয়াত বিভাগে দ্বিতীয় হন। এছাড়া রাবেতা বিনতে রমজান ১৫ পারা এবং মাসফিরা বিনতে মাহমুদ ৩০ পারা হিফজ, তাজবিদ ও সুন্দর তিলাওয়াত বিভাগে তৃতীয় স্থান অর্জন করে।

অনুষ্ঠানে ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ, প্রতিমন্ত্রী শামীম কায়সার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ সংশ্লিষ্ট মাদরাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন