Logo
×

Follow Us

জাতীয়

রূপপুর থেকে শিগগিরই গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ এএম

রূপপুর থেকে শিগগিরই গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট

ছবিঃ বাসস

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী মাসের মধ্যে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন। প্রকল্পের কারিগরি কাজ দ্রুত এগিয়ে নিতে প্রায় ৪ হাজার রুশ বিশেষজ্ঞ ও প্রকৌশলী কাজ করছেন বলেও জানান তিনি।

বুধবার বিকেলে রাজধানীর গুলশানে এফবিসিসিআই কার্যালয়ে সংগঠনটির প্রশাসক মো. ফজলুল হকের সাথে সৌজন্য সাক্ষাতে রুশ রাষ্ট্রদূত এসব তথ্য জানান। বৈঠকে বাংলাদেশ-রাশিয়ার বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।

বৈঠকে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বাড়াতে ‘রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিল’ গঠনের আগ্রহ প্রকাশ করেন আলেকজান্ডার খোজিন। পাশাপাশি মস্কোতে একটি ‘রাশিয়া-বাংলাদেশ বিজনেস ফোরাম’ আয়োজনের পরিকল্পনার কথাও জানান তিনি। আগামী নভেম্বরের শুরুতে ঢাকায় অনুষ্ঠেয় আন্তঃসরকার কমিশনের বৈঠকে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানান রাষ্ট্রদূত।

তিনি বলেন, মস্কোর ব্যবসায়িক ফোরামে বাংলাদেশি ব্যবসায়ীদের অংশগ্রহণের সুযোগ থাকবে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর ব্যবসায়িক প্রোফাইল বিবেচনায় নিয়ে সরাসরি ব্যবসায়ী-ব্যবসায়ী (বিটুবি) বৈঠকসহ বিভিন্ন সেশনের আয়োজন করা হবে।

বাংলাদেশ-রাশিয়া বাণিজ্য বাড়াতে তৈরি পোশাকের পাশাপাশি নতুন খাতকে গুরুত্ব দেয়ার আহ্বান জানান এফবিসিসিআই প্রশাসক ফজলুল হক। তিনি রাশিয়ার বাজারে বাংলাদেশি ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য এবং সিরামিক রপ্তানি বাড়ানোর পাশাপাশি দক্ষ ও কর্মক্ষম জনশক্তি রপ্তানির ওপর জোর দেন।

জবাবে রুশ রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ থেকে জেনেরিক ওষুধ আমদানির বিষয়ে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় প্রয়োজনীয় আইনি ও প্রক্রিয়াগত বিষয় পর্যালোচনা করছে। একই সাথে রাশিয়ার শীতপ্রধান আবহাওয়ার উপযোগী ভারী জুতা ও চামড়াজাত পণ্যের বাজারে চাহিদা রয়েছে বলেও জানান তিনি।

কৃষি, মৎস্য, জাহাজ নির্মাণ ও সেবা খাতে কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়ায় সাম্প্রতিক মাসগুলোতে প্রায় ৩ হাজার বাংলাদেশি কর্মীকে রাশিয়া ভিসা দিয়েছে বলেও বৈঠকে উল্লেখ করেন আলেকজান্ডার খোজিন।

এদিকে এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হকের সাথে পৃথক বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপাল উইরাক্কোডি। তিনি জানান, আগামী বছরের ১৪ থেকে ১৭ জানুয়ারি কলম্বোয় আন্তর্জাতিক বাণিজ্য মেলা ‘শ্রীলঙ্কা এক্সপো ২০২৭’ অনুষ্ঠিত হবে। এ মেলায় এফবিসিসিআইয়ের নেতৃত্বে বাংলাদেশের একটি বাণিজ্য প্রতিনিধি দল পাঠানোর আমন্ত্রণ জানান তিনি।

প্রতিনিধি দল পাঠানোর বিষয়ে ইতিবাচক সাড়া দেন এফবিসিসিআই প্রশাসক। দুই বৈঠকেই সংগঠনটির মহাসচিব মো. আলমগীরসহ রুশ দূতাবাস ও শ্রীলঙ্কান হাইকমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন