Logo
×

Follow Us

জাতীয়

নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ বালেন্দ্র শাহ

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ এএম

নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ বালেন্দ্র শাহ

প্রধানমন্ত্রী তারেক রহমান ও নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ।

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বাংলাদেশ সরকারের ১০ লাখ মার্কিন ডলার সহায়তার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ।

গত ১০ সেপ্টেম্বর পাঠানো এক কূটনৈতিক চিঠিতে বালেন্দ্র শাহ বলেন, গত ২৬ আগস্টের আকস্মিক বন্যায় নেপালের উত্তরাঞ্চলে প্রাণহানি এবং ঘরবাড়ি, অবকাঠামো ও মানুষের জীবিকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ পরিস্থিতিতে বাংলাদেশের আর্থিক সহায়তা দেশটির চলমান মানবিক কার্যক্রম ও দুর্যোগ-পরবর্তী পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চিঠিতে নেপালের প্রধানমন্ত্রী গত ২৭ আগস্ট বাংলাদেশের জাতীয় সংসদে বন্যায় নিহতদের স্মরণে গৃহীত শোক প্রস্তাবের কথাও উল্লেখ করেন। তার মতে, বাংলাদেশের এই উদ্যোগ নেপালের দুর্যোগকবলিত মানুষের প্রতি গভীর সহমর্মিতা ও সংহতির প্রকাশ।

বালেন্দ্র শাহ বাংলাদেশ ও নেপালের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথাও তুলে ধরেন। তিনি বাংলাদেশকে শুধু ঘনিষ্ঠ প্রতিবেশী নয়, বরং নেপালের একটি প্রিয় বন্ধুরাষ্ট্র হিসেবে উল্লেখ করেন। দুই দেশের মানুষের মধ্যে বিদ্যমান যোগাযোগ ও পারস্পরিক বন্ধন ভবিষ্যতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বিস্তৃত করতে সহায়ক হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

এর আগে বাংলাদেশ সরকার নেপালের ত্রাণ, মানবিক সহায়তা ও পুনরুদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য ১০ লাখ মার্কিন ডলার দেশটির প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে দেওয়ার কথা জানায়। নেপালের বন্যা ও ভূমিধসের পরপরই বাংলাদেশ সংহতি প্রকাশ এবং প্রয়োজন অনুযায়ী সহায়তার প্রস্তুতির কথাও জানিয়েছিল।

দুই দেশের এই মানবিক সহযোগিতাকে দুর্যোগ মোকাবিলায় পারস্পরিক সহায়তা এবং বাংলাদেশ-নেপাল বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতার একটি উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

মন্তব্য করুন