Logo
×

Follow Us

জাতীয়

মার্কিন রাষ্ট্রদূতের সাথে তথ্যমন্ত্রীর বৈঠক

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ পিএম

মার্কিন রাষ্ট্রদূতের সাথে তথ্যমন্ত্রীর বৈঠক

ছবিঃ বাসস

তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান এবং প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সাথে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। বুধবার সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ায় আন্দালিভ রহমানকে অভিনন্দন জানান মার্কিন রাষ্ট্রদূত। এ সময় তথ্যমন্ত্রী বলেন, রাষ্ট্র পরিচালনার পাশাপাশি রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যেও বর্তমান সরকার কাজ করছে। এ ক্ষেত্রে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) বিরোধী দলের সংবাদ প্রচারের বিষয়টি উদাহরণ হিসেবে তুলে ধরেন তিনি।

আন্দালিভ রহমান বলেন, মতপ্রকাশের স্বাধীনতা এবং স্বাধীন গণমাধ্যমের পরিবেশ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তবে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে মানহানিকর বক্তব্য, ভুল তথ্য ও অপতথ্যের বিস্তার ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এ বিষয়ে বিভিন্ন অংশীজনের সাথে নিয়মিত মতবিনিময়ের ওপর গুরুত্ব দেন মার্কিন রাষ্ট্রদূত।

তথ্যমন্ত্রী বলেন, গত ১৭ বছরের অভিজ্ঞতা ভালো ছিল না। তবে বর্তমান সরকার সৎ উদ্দেশ্য নিয়ে রাষ্ট্র পরিচালনায় ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করছে।

তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ভুল তথ্য ও অপতথ্য মোকাবিলায় কার্যকর উদ্যোগ নেয়ার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, অপতথ্যের কারণে সাধারণ মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট খুলে অপপ্রচারের ঘটনাও ঘটে। এসব প্রতিরোধের পাশাপাশি নাগরিকরা যেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিরাপদ বোধ করেন, সে জন্য কার্যকর ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।

ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক ধারাবাহিকভাবে আরও শক্তিশালী হচ্ছে। ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা সম্প্রসারিত হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য যুক্তরাষ্ট্রের চলমান অর্থনৈতিক সহায়তার কথাও জানান মার্কিন রাষ্ট্রদূত। তিনি বলেন, রোহিঙ্গাদের সহায়তায় স্বাস্থ্য খাতে সংক্রামক রোগ প্রতিরোধেও যুক্তরাষ্ট্র বিশেষ সহযোগিতা দিচ্ছে।

বৈঠকে সাইবার সুরক্ষা আইন নিয়েও আলোচনা হয়। এ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো উদ্দেশ্য সরকারের নেই। গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার অক্ষুণ্ন রেখেই দায়িত্বশীলভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এ ছাড়া বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।

মন্তব্য করুন