Logo
×

Follow Us

জাতীয়

বর্তমান সরকারের ২১২ দিনে গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ন্ত্রণে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ পিএম

বর্তমান সরকারের ২১২ দিনে গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ন্ত্রণে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী

বর্তমান সরকারের দায়িত্ব নেওয়ার ২১২ দিনের মধ্যেই গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি সরকারের বিভিন্ন কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরেন।

সালেহ শিবলী বলেন, অল্প সময়ের মধ্যেই সরকার বেশ কিছু ইতিবাচক ফলাফল অর্জন করেছে। তার দাবি, ২০০৯ সাল থেকে ক্ষমতায় থাকার পরও ২০২২ সালে বিদ্যুৎ সংকট মোকাবিলায় স্কুল ও অফিসের সময় কমাতে হয়েছিল। এর বিপরীতে বর্তমান সরকার দায়িত্ব নেয়ার কয়েক মাসের মধ্যেই জনজীবনে শান্তি ও শৃঙ্খলা ফেরাতে কাজ করছে।

ডেঙ্গু পরিস্থিতি নিয়েও সতর্কতার কথা জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব। তিনি বলেন, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর—এই তিন মাসে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে। এ কারণে এডিস মশার লার্ভা ধ্বংসে বাড়ির আশপাশে জমে থাকা পানি অপসারণ এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

বিএনপি সরকারকে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার হিসেবে উল্লেখ করে সালেহ শিবলী বলেন, প্রধানমন্ত্রী নিয়মিতভাবে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের খবর পর্যবেক্ষণ করছেন। কোনো সমস্যা সামনে এলে তা দ্রুত সমাধানের উদ্যোগ নেয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।

প্রধানমন্ত্রীর সাধারণ জীবনযাপন প্রসঙ্গে তিনি বলেন, ১৫০ টাকার খাবার খাওয়া বড় বিষয় নয়। বরং প্রধানমন্ত্রীর দৈনন্দিন কর্মকাণ্ডের মধ্য দিয়ে ক্ষমতা ভোগের জন্য নয়, দায়িত্ব পালনের জন্য—এমন বার্তা দেয়া হচ্ছে। তার ভাষ্য, এর মাধ্যমে জনগণ রাষ্ট্রের মালিকানা ফিরে পাওয়ার অনুভূতি পাচ্ছে এবং প্রধানমন্ত্রী তাদের পাশে রয়েছেন বলে দেখছে।

মন্তব্য করুন