সকল ভূমি অফিসে বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ এএম
সকল ভূমি অফিসে বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক
মাঠ পর্যায়ে ভূমি সেবায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক ডিজিটাল হাজিরা ব্যবস্থা চালুর নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়। এসব অফিসে ডিভাইস স্থাপনের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত এর মাধ্যমে হাজিরা নিশ্চিত করতে বলা হয়েছে।
ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে গত ১৪ সেপ্টেম্বর জারি করা পরিপত্রে জেলা প্রশাসকদের এ নির্দেশনা দেয়া হয়। নিজ নিজ জেলার সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে দ্রুত বায়োমেট্রিক হাজিরা ডিভাইস স্থাপন এবং এর নিয়মিত ব্যবহার নিশ্চিত করতে বলা হয়েছে।
পরিপত্রে বলা হয়েছে, সরকারি দপ্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার পাশাপাশি কর্মপরিবেশ উন্নয়নে সরকার ই-গভর্ন্যান্সভিত্তিক বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এর ধারাবাহিকতায় মাঠ পর্যায়ের ভূমি ব্যবস্থাপনাকে আরো কার্যকর ও জনবান্ধব করতে এ ব্যবস্থা নেয়া হয়েছে।
ভূমি সেবা নিতে আসা মানুষ যাতে নির্ধারিত সময়ে নির্বিঘ্নে সেবা পান, সে জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে নিয়মিত ও সময়মতো উপস্থিতি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে পরিপত্রে। এ কারণে দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে অবিলম্বে বায়োমেট্রিক ডিজিটাল হাজিরা ডিভাইস স্থাপনের নির্দেশ দেয়া হয়েছে।
একই সাথে স্থাপিত ডিভাইসগুলো কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত ব্যবহার করছেন কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তদারক করতে বলা হয়েছে। পরিপত্রের মূল প্রাপক হিসেবে সব জেলা প্রশাসককে দায়িত্ব দেয়া হয়েছে। এর অনুলিপি বিভাগীয় কমিশনার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) এবং ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও সিস্টেম এনালিস্টদের কাছেও পাঠানো হয়েছে।
ভূমি মন্ত্রণালয়ের এ উদ্যোগের ফলে মাঠ পর্যায়ের ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি আরো নিয়মতান্ত্রিক হবে বলে আশা করা হচ্ছে। একই সাথে ভূমি সেবা গ্রহণে সাধারণ মানুষের হয়রানি কমানো এবং সেবাদানের ক্ষেত্রে জবাবদিহিতা বাড়াতেও বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)