Logo
×

Follow Us

জাতীয়

হাজিদের কোনো কষ্ট ও অবহেলা সহ্য করা হবে না: ধর্মমন্ত্রী

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ পিএম

হাজিদের কোনো কষ্ট ও অবহেলা সহ্য করা হবে না: ধর্মমন্ত্রী

ছবি: সংগৃহীত

হজযাত্রীরা যাতে কোনো ধরনের কষ্ট, অবহেলা বা জুলুমের শিকার না হন, সে বিষয়ে কঠোর গুরুত্ব দেয়ার নির্দেশ দিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৭ সালের হজ কার্যক্রমে অংশগ্রহণকারী ৩০টি অ্যালায়েন্স/লিড এজেন্সির অনুকূলে হজযাত্রী কোটা বণ্টনসহ সংশ্লিষ্ট কার্যক্রম নিয়ে আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।

ধর্মমন্ত্রী বলেন, সরকারি-বেসরকারি ব্যবস্থাপনার সব হজযাত্রীই সরকারের দায়িত্বের আওতায়। হাজিদের সেবায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সবসময় প্রস্তুত থাকবে। বেসরকারি হজ এজেন্সিগুলোকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে, যাতে কোনো হাজি ভোগান্তিতে না পড়েন।

তিনি বলেন, কোনো কাজে ভুলত্রুটি হলে পরস্পরের দোষ খোঁজার পরিবর্তে দ্রুত সমস্যা সমাধান করে সামনে এগিয়ে যেতে হবে। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনাকে সমন্বিতভাবে কাজ করতে হবে এবং সৌদি আরবের বিধিবিধান যথাযথভাবে মেনে হজ কার্যক্রম পরিচালনা করতে হবে।

মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশে ধর্মমন্ত্রী বলেন, কোনো সিদ্ধান্ত বা কাজের জন্য কেউ এলে তা ২৪ ঘণ্টার মধ্যে বাস্তবায়নের ব্যবস্থা করতে হবে। কাউকে অযথা ঘোরানো বা হয়রানি করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ২০২৭ সালের হজযাত্রীর সিংহভাগ বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে পরিচালিত হবে উল্লেখ করে তিনি সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ দেন।

কাজী শাহ মোফাজ্জাল হোসাইন বলেন, হজ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জন্য অত্যন্ত সংবেদনশীল একটি আমানত। সবাইকে নিজেদের খাদিম বা সেবক মনে করে দায়িত্ব পালন করতে হবে। সফলভাবে হজ কার্যক্রম সম্পন্ন করতে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি।

সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার জানান, সৌদি সরকারের প্রাথমিক নির্ধারণ অনুযায়ী ২০২৭ সালে বাংলাদেশের হজ কোটা ৭৮ হাজার ৫০০ জন। সরকারি ব্যবস্থাপনার জন্য নির্ধারিত অংশ বাদ দিয়ে অবশিষ্ট কোটা বেসরকারি হজ এজেন্সিগুলোর মধ্যে বণ্টন করা হবে।

সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন