Logo
×

Follow Us

জাতীয়

স্বাস্থ্যখাতে চীনা বিনিয়োগ চায় বাংলাদেশ

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ পিএম

স্বাস্থ্যখাতে চীনা বিনিয়োগ চায় বাংলাদেশ

স্বাস্থ্যখাতে চীনা বিনিয়োগ চায় বাংলাদেশ

স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও চিকিৎসা খাতের সক্ষমতা বাড়াতে চীনের সাথে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ। এ ক্ষেত্রে চীনের বিনিয়োগ, কারিগরি সহায়তা ও প্রশিক্ষণ প্রত্যাশা করছে সরকার।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) চীনের হাইনান প্রদেশের বোআও ল্যেছেং আন্তর্জাতিক মেডিকেল ট্যুরিজম পাইলট জোনে প্রাদেশিক ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ প্রত্যাশার কথা জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বৈঠকে হাইনান প্রাদেশিক কমিউনিস্ট পার্টির কমিটির সম্পাদক ফেং ফেই এবং ভাইস গভর্নর শিয়ে জিং উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবার উন্নয়নে সরকার প্রাথমিক স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চলে ২০টি বড় হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। এসব হাসপাতাল নির্মাণ ও পরিচালনায় চীনের কারিগরি সহায়তা এবং প্রশিক্ষণ প্রয়োজন।

বৈঠকে বাংলাদেশি মেডিকেল শিক্ষার্থীদের জন্য বৃত্তি, চিকিৎসক বিনিময় ও প্রশিক্ষণ, উষ্ণমণ্ডলীয় রোগ প্রতিরোধ এবং ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিনে সহযোগিতার বিষয়েও আলোচনা হয়। একই সাথে স্তন ক্যানসারের মতো অসংক্রামক রোগ এবং হাম, ডেঙ্গু ও থ্যালাসেমিয়াসহ বিভিন্ন রোগ মোকাবিলায় বাংলাদেশের উদ্যোগ ও চ্যালেঞ্জ তুলে ধরা হয়।

বাংলাদেশে চীনা বিনিয়োগের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, গ্লাভস, মাস্ক, ব্লাড ব্যাগসহ প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী উৎপাদনে হাইনানভিত্তিক প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে কারখানা স্থাপন করতে পারে। এতে দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি উৎপাদিত অতিরিক্ত পণ্য রপ্তানির সুযোগ তৈরি হবে।

এ সময় হাইনানের কর্মকর্তারা বাংলাদেশি চিকিৎসকদের সফর, চিকিৎসা শিক্ষা ও প্রশিক্ষণ এবং বাংলাদেশে বিনিয়োগের সম্ভাব্য ক্ষেত্রগুলোতে সহযোগিতার আশ্বাস দেন। বৈঠকে উভয় পক্ষ স্বাস্থ্যখাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বিস্তৃত করার প্রত্যাশা ব্যক্ত করে।

বৈঠকে স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব ফাতিমা-তুজ-জোহরা ঠাকুর, চীনে বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর মো. জিয়াউর রহমান এবং মালিশা গ্রুপের মহাব্যবস্থাপক মারুফ মোল্লা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন