ভারতের সাথে সম্পর্ক সহজীকরণে হাসিনাসহ সব আসামিকে ফেরত চায় বাংলাদেশ
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ পিএম
ছবিঃ বাসস
ভারতে অবস্থানরত শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ পলাতক ও দণ্ডপ্রাপ্ত সব আসামিকে ফেরত দেয়াকে বাংলাদেশ-ভারত সম্পর্ক সহজ করার গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে দেখছে সরকার। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, দুই দেশের কার্যকর সম্পর্ক জোরদারে ভারতকে বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে।
মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের অগ্রগতি ও সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ভারতীয় হাইকমিশনারের সাথে সাম্প্রতিক সৌজন্য সাক্ষাতেও শেখ হাসিনাসহ ভারতে থাকা সব আসামিকে ফেরানোর বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে বলে জানান তিনি।
ওবায়দুল কাদেরসহ অন্য আসামিদের ফেরত চাওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনাকে ফেরত চাওয়া হলে তার সাথে সংশ্লিষ্ট অন্য আসামিদের ফেরত চাওয়াও স্বাভাবিক। বাংলাদেশের সাথে সম্পর্ক সহজীকরণের ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।
পলাতক আসামিদের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যের সমালোচনা করে তথ্য উপদেষ্টা বলেন, দেশের বাইরে অবস্থান করে তাদের বিভিন্ন বক্তব্য বাংলাদেশের মানুষের অনুভূতিতে আঘাত করছে। এ বিষয়ে বাংলাদেশের মানুষের সংবেদনশীলতা ভারত সরকার বুঝবে এবং সংশ্লিষ্টদের হস্তান্তরে সহযোগিতা করবে বলে প্রত্যাশা করেন তিনি।
আওয়ামী লীগ সরকারের আমলের সব অপরাধের বিচার নিশ্চিত করাকে বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন জাহেদ উর রহমান। বিচারপ্রক্রিয়ায় কোনো ধরনের আপস করা হবে না জানিয়ে তিনি বলেন, অভিযুক্ত যে কেউ বিচারের মুখোমুখি হতে পারেন এবং দেশের বিচারব্যবস্থা বর্তমানে স্বাধীনভাবে কাজ করছে।
স্থানীয় সরকার নির্বাচন নিয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা। তার দাবি, স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশন ও সরকার সমন্বয়ের মাধ্যমে সিদ্ধান্ত নেয়। তিনি জানান, আগামী স্থানীয় সরকার নির্বাচন অংশগ্রহণমূলক করার পরিকল্পনা রয়েছে এবং এতে কোনো দলীয় প্রতীক থাকবে না।
মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর প্রসঙ্গে তিনি বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ওই ১০ হাজার কর্মীর বিনা খরচে যাওয়ার তথ্য সঠিক। একই সাথে সরকারি দপ্তরে নাগরিকদের ‘স্যার’ সম্বোধনে বাধ্য না করে সেবার মান নিশ্চিত করতে কর্মকর্তা ও সাধারণ মানুষের মানসিকতার পরিবর্তনের ওপরও গুরুত্ব দেন তিনি।
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণের বিষয়ে জাহেদ উর রহমান বলেন, এসব যানবাহনের সাথে বিপুলসংখ্যক মানুষের জীবিকা ও যাতায়াত জড়িত। তাই সরকার একেবারে বন্ধ না করে নির্দিষ্ট নিরাপত্তা ব্যবস্থা ও রুটের আওতায় আনতে দ্রুত নীতিমালা তৈরির কাজ করছে।
ব্রিফিংয়ে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. আলম মোস্তফা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)