কৃষক পর্যায়ে সারের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত সরকারের
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ পিএম
কৃষক পর্যায়ে সারের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত সরকারের
কৃষকদের বাড়তি ব্যয়ের চাপ না বাড়িয়ে সার বিতরণে ডিলারদের কমিশন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইউরিয়া, ডিএপি, টিএসপি ও এমওপি সারের কৃষক পর্যায়ের বিক্রয়মূল্য আগের মতোই রেখে ডিলার পর্যায়ে প্রতি কেজিতে ৩ টাকা কমিশন নির্ধারণ করা হয়েছে। নতুন এ সিদ্ধান্ত আগামী ১ জুলাই ২০২৭ থেকে কার্যকর হবে।
কৃষি উৎপাদনে সারের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজার ব্যবস্থাপনায় ডিলারদের আরো সক্রিয় করতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ বিষয়ে গত ১৪ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাজেট অনুবিভাগ-১ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেন উপসচিব মোহাম্মদ ইকবাল হোসেন।
নতুন নির্ধারিত দামে ইউরিয়া সারের ডিলার পর্যায়ের মূল্য প্রতি কেজি ২৫ টাকা থেকে কমিয়ে ২৪ টাকা করা হয়েছে। তবে কৃষক পর্যায়ে এ সার আগের মতো ২৭ টাকা কেজি দরে বিক্রি হবে।
ডিএপি সারের ডিলার পর্যায়ের দাম ১৯ টাকা থেকে কমে ১৮ টাকা এবং টিএসপির দাম ২৫ টাকা থেকে ২৪ টাকা করা হয়েছে। এ দুটি সারের কৃষক পর্যায়ের বিক্রয়মূল্য যথাক্রমে ২১ টাকা ও ২৭ টাকা অপরিবর্তিত থাকছে।
এমওপি সারের ক্ষেত্রেও ডিলার পর্যায়ে দাম কমানো হয়েছে। প্রতি কেজি এ সারের মূল্য ১৮ টাকা থেকে কমিয়ে ১৭ টাকা করা হলেও কৃষক পর্যায়ে আগের নির্ধারিত ২০ টাকা দামই বহাল থাকবে।
অর্থাৎ চার ধরনের সারের ক্ষেত্রেই ডিলার পর্যায়ে সরকারের নির্ধারিত মূল্য প্রতি কেজিতে ১ টাকা করে কমেছে। অন্যদিকে কৃষক পর্যায়ের দাম অপরিবর্তিত থাকায় ডিলারদের প্রতি কেজি সারে কমিশন দাঁড়াবে ৩ টাকা।
সরকারের এ সিদ্ধান্তের ফলে ইউরিয়া, ডিএপি, টিএসপি ও এমওপি কিনতে কৃষকদের অতিরিক্ত অর্থ গুনতে হবে না। আগের নির্ধারিত দামেই তারা সার সংগ্রহ করতে পারবেন। একই সঙ্গে ডিলারদের বিতরণ কার্যক্রমে বাড়তি উৎসাহ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
কৃষি উৎপাদনের অন্যতম প্রধান উপকরণ সার। উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণের পাশাপাশি কৃষকের কাছে সময়মতো সার পৌঁছে দেয়া খাদ্য উৎপাদন ও কৃষি খাতের স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ। এ বিষয়টি বিবেচনায় নিয়েই কৃষক পর্যায়ে মূল্য অপরিবর্তিত রেখে ডিলারদের কমিশন পুনর্নির্ধারণ করেছে সরকার।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)