Logo
×

Follow Us

জাতীয়

চট্টগ্রামে গোলা বিস্ফোরণে শহীদ দুই সেনাসদস্যের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ পিএম

চট্টগ্রামে গোলা বিস্ফোরণে শহীদ দুই সেনাসদস্যের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

ছবিঃ পিএমও

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে গোলা বিস্ফোরণে নিহত দুই সেনাসদস্যের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী স্বজনদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শোকাহত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তাঁদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, দেশের দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ দেয়া সেনাসদস্যদের আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

পরিবারগুলোর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, শোকের এই সময়ে সরকার ও সেনাবাহিনী তাঁদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। প্রয়োজনীয় সহযোগিতার পাশাপাশি শহীদ সেনাসদস্যদের পরিবারের দেখভালের দায়িত্বও সরকার পালন করবে বলে আশ্বাস দেন তিনি।

এ সময় সেনাবাহিনীর পক্ষ থেকে শহীদ দুই সেনাসদস্যের পরিবারের স্থায়ী ঠিকানায় একটি করে বাড়ি নির্মাণের উদ্যোগ নেয়ার কথা জানানো হয়। পাশাপাশি তাদের স্ত্রীদের চাকরির ব্যবস্থা এবং সন্তানদের জন্য মাসিক ভাতা দেয়ার উদ্যোগের কথাও জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান। সাক্ষাতে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ৯ সেপ্টেম্বর হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে দুই সেনাসদস্য শহীদ হন। তাঁরা হলেন সৈনিক (অপারেটর) আবু বকর সিদ্দিক ও সৈনিক (গানার) মো. তাসনিম রিফায়াত।

আবু বকর সিদ্দিকের পরিবারের পক্ষে সাক্ষাতে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী সুরাইয়া আক্তার জুতি, শিশু কন্যা ফাতেমা সিদ্দিকা, বাবা আব্দুল ওহাব ও মা পারভীন আক্তার। আর মো. তাসনিম রিফায়াতের পরিবারের পক্ষে ছিলেন তাঁর স্ত্রী মোসা. ফাহমিদা আফরিন, শিশু কন্যা রাফসা তাসনিম ইফরা ও বাবা মো. আসাদুল হক।

মন্তব্য করুন