Logo
×

Follow Us

জাতীয়

গবেষণা কার্যক্রম বাড়াতে বিশ্ববিদ্যালয়গুলোকে রাষ্ট্রপতির তাগিদ

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ পিএম

গবেষণা কার্যক্রম বাড়াতে বিশ্ববিদ্যালয়গুলোকে রাষ্ট্রপতির তাগিদ

ছবি : পিআইডি

উচ্চশিক্ষার মান উন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও নীতি নির্ধারণে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে খুলনা বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের পৃথক প্রতিনিধিদলের সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রমে গুণগত মান নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীরা ডিগ্রি অর্জনের পর যেন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্যতা ও দক্ষতার মাধ্যমে প্রতিষ্ঠিত হতে পারেন, সে লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে তিনি শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি উচ্চশিক্ষার সাথে গবেষণা কার্যক্রমকে আরও কার্যকরভাবে যুক্ত করার আহ্বান জানান তিনি।

সাক্ষাৎকালে খুলনা বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা নিজ নিজ প্রতিষ্ঠানের শিক্ষা, গবেষণা ও অন্যান্য কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি বলেন, ফ্যাসিস্ট আমলে ক্ষতিগ্রস্ত ও বিপর্যস্ত শিক্ষাব্যবস্থা পুনর্গঠন এবং এর মানোন্নয়নে বর্তমান সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোকে নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান তিনি।

খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন