Logo
×

Follow Us

জাতীয়

দক্ষ জনশক্তি গড়তে চায় সরকার: পরিকল্পনা প্রতিমন্ত্রী

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পিএম

দক্ষ জনশক্তি গড়তে চায় সরকার: পরিকল্পনা প্রতিমন্ত্রী

ছবিঃ পিআইডি

জ্ঞান, উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর দক্ষতা বিকাশের মাধ্যমে মানবিক, দক্ষ এবং ভবিষ্যৎ উপযোগী জনশক্তি গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি এমপি।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নভো থিয়েটারের অডিটোরিয়ামে ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, দেশের উন্নয়নকে টেকসই ও গতিশীল করতে সরকার, ব্যবসা ও শিল্পখাত এবং শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন। গবেষণা ও উদ্ভাবনের সাথে শিল্পের বাস্তব চাহিদার সংযোগ ঘটাতে পারলে নতুন প্রযুক্তি, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির সুযোগ আরো বাড়বে।

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, পরিকল্পনা মন্ত্রণালয়, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে সমন্বয় বাড়িয়ে প্রকল্পের পুনরাবৃত্তি ও অপ্রয়োজনীয় ওভারল্যাপিং বন্ধ করতে হবে। এতে সরকারি সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হওয়ার পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে সময় ও ব্যয় কমবে।

সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। একই প্ল্যাটফর্ম ও অবকাঠামোর কার্যকর ব্যবহার নিশ্চিত করে জিও-এনজিও অংশীদারিত্বের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ত্বরান্বিত করার কথা জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশের তরুণদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে জ্ঞানভিত্তিক ও প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়ে তুলতে হবে। এ ধরনের ইনোভেশন ফেয়ার তরুণ উদ্ভাবক, উদ্যোক্তা, গবেষক, শিক্ষার্থী ও শিল্পখাতের প্রতিনিধিদের মধ্যে যোগাযোগ এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিখোর সিইও শাহির চৌধুরী, বিআইআইএনের চেয়ারম্যান সৈয়দ আলমাস কবির, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাউসার চৌধুরী, ব্যাংক এশিয়ার ডিএমডি আখতার উদ্দিন মাহমুদ, ইউনিলিভার বাংলাদেশের পরিচালক দুরদানা চৌধুরী এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাজ্জাদ হোসাইন।

অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের উদ্ভাবন ও দক্ষতা উন্নয়নের সম্ভাবনা, প্রযুক্তির ব্যবহার, শিল্প-একাডেমিয়া সহযোগিতা এবং তরুণদের ভবিষ্যৎ কর্মবাজারের উপযোগী করে গড়ে তোলার বিভিন্ন দিক তুলে ধরেন।

মন্তব্য করুন