Logo
×

Follow Us

জাতীয়

টিবি হাসপাতাল রূপান্তরিত হচ্ছে ‘জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট ও হাসপাতাল’-এ: ববি হাজ্জাজ

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পিএম

টিবি হাসপাতাল রূপান্তরিত হচ্ছে ‘জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট ও হাসপাতাল’-এ: ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ববি হাজ্জাজ।

ঢাকার শ্যামলীতে অবস্থিত ২৫০ শয্যার টিবি হাসপাতালকে শিগগিরই ‘জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট ও হাসপাতাল’-এ রূপান্তর করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ববি হাজ্জাজ।

সোমবার টিবি হাসপাতালের কনফারেন্স রুমে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, ইনস্টিটিউটে রূপান্তরের পর যক্ষ্মার উন্নত চিকিৎসার পাশাপাশি রোগ নির্ণয়, বিশেষায়িত গবেষণা ও প্রশিক্ষণের সুযোগ বাড়বে। এর মাধ্যমে যক্ষ্মা নিয়ন্ত্রণে একটি আধুনিক ও সমন্বিত প্রতিষ্ঠান গড়ে উঠবে।

হাসপাতালের সেবার মান উন্নয়নে জনবল সংকট দ্রুত কাটানোর উদ্যোগ নেয়া হবে জানিয়ে ববি হাজ্জাজ বলেন, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের শূন্য পদ পূরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

হাসপাতালের সক্ষমতা বাড়াতে ৫০০ শয্যার একটি নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেয়া হবে বলেও জানান তিনি। পাশাপাশি হাসপাতালের সামনের ফুটপাত দখলমুক্ত করে রোগী ও সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করার নির্দেশ দেন প্রতিমন্ত্রী।

সভা শেষে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন ববি হাজ্জাজ। এ সময় চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের সাথে কথা বলেন তিনি। রোগীদের সাথে মানবিক ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, চিকিৎসাসেবা নিতে এসে কোনো রোগী যাতে অপ্রয়োজনীয় ভোগান্তিতে না পড়েন, সে বিষয়ে সংশ্লিষ্টদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব ও উপপরিচালক ডা. আয়শা আক্তারের সভাপতিত্বে সভায় স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর এবং ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন