ডেঙ্গু ঠেকাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে সমন্বিত কর্মপরিকল্পনা নেয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ পিএম
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।
ডেঙ্গু প্রতিরোধ ও চলমান পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব সংস্থাকে নিয়ে সমন্বিত কর্মপরিকল্পনা তৈরি করে বাস্তবায়নের উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।
রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ‘ডেঙ্গু প্রতিরোধে কৌশলগত কর্মপরিকল্পনা বিষয়ক কর্মশালা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সোমবার তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ডেঙ্গু মোকাবিলায় স্থানীয় সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শুধু পরিকল্পনা করলেই হবে না, মাঠপর্যায়ে এর কার্যকর বাস্তবায়নও নিশ্চিত করতে হবে। রোগে আক্রান্ত হওয়ার পর চিকিৎসার চেয়ে আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া বেশি কার্যকর—এই নীতিকে সামনে রেখে কার্যক্রম জোরদার করতে হবে।
আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবরকে ডেঙ্গুর পিক পিরিয়ড উল্লেখ করে তিনি বলেন, সামনে পরিস্থিতি আরো অবনতির আগেই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। গত বছরের একই সময়ের তুলনায় বর্তমানে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কিছুটা কম হলেও আত্মতুষ্টির কোনো সুযোগ নেই।
আবদুল মঈন খান বলেন, প্রধানমন্ত্রী এরই মধ্যে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেছেন। ডেঙ্গু যাতে সারাদেশে ছড়িয়ে পড়তে না পারে, সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। ৬৪ জেলায় একযোগে সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সরকার দেশব্যাপী সচেতনতামূলক কর্মসূচি চালাচ্ছে জানিয়ে মন্ত্রী জনগণকে এ কার্যক্রমে যুক্ত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকার, স্থানীয় প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
ডেঙ্গু নতুন কোনো রোগ নয় উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রায় দুই হাজার বছর ধরে বিশ্বের বিভিন্ন অঞ্চলের মানুষ এ রোগের সাথে লড়াই করছে। অতীতের অভিজ্ঞতা বিশ্লেষণ করে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সাজানো প্রয়োজন। রোগটির ইতিহাস, পরিবেশ, মশার বিস্তার ও স্থানীয় বাস্তবতা বিবেচনার পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে।
স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বিশ্বব্যাংকের ঢাকাস্থ অফিসের সিনিয়র অপারেশনস অফিসার ও প্রকল্পের টাস্ক টিম লিডার ইফ্ফাত মাহমুদ।
কর্মশালায় স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তাদের পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, আইসিডিডিআরবি, স্বাস্থ্য অধিদপ্তর, আইইডিসিআর, নিপসম, আবহাওয়া অধিদপ্তর, বিভিন্ন সিটি করপোরেশন ও পৌরসভার প্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা অংশ নেন।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)