ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি দেখবেন মন্ত্রী
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ পিএম
ছবিঃ বাসস
দেশের স্বাস্থ্য প্রতিষ্ঠানে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি এবার নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরা ব্যবস্থায় পর্যবেক্ষণ করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এর মাধ্যমে মাঠপর্যায়ের স্বাস্থ্যসেবায় কর্মীদের উপস্থিতি আরও নিবিড়ভাবে নজরদারির আওতায় আনার উদ্যোগ নেয়া হয়েছে।
সোমবার সচিবালয়ে নিজের কার্যালয় থেকে ডিজিটাল হাজিরা ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন জেলার স্বাস্থ্য প্রতিষ্ঠানের কর্মীদের উপস্থিতি পর্যবেক্ষণ করেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী, নরসিংদীর বেলাবো ও রায়পুরা, লালমনিরহাটের আদিতমারী, বান্দরবানের লামা এবং সুনামগঞ্জের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হাজিরা পর্যালোচনা করেন।
পর্যবেক্ষণের সময় কয়েকটি প্রতিষ্ঠানে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর অনুপস্থিতি মন্ত্রীর নজরে আসে। পরে সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন তিনি।
অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেয়ার নির্দেশও দেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীর কর্মস্থলে নিয়মিত উপস্থিতি অত্যন্ত জরুরি।
সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, মানুষ যেন নিজ নিজ এলাকার স্বাস্থ্য প্রতিষ্ঠান থেকেই প্রয়োজনীয় সেবা পায়, তা নিশ্চিত করতে কর্মীদের উপস্থিতি পর্যবেক্ষণ আরো জোরদার করা হবে।
এ সময় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আ ন ম বজলুর রশীদ এবং স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এ কে এম বেনজামিন রিয়াজী উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)