Logo
×

Follow Us

জাতীয়

লক্ষ্যমাত্রার চেয়ে ১০% বেশি শিশু হাম-রুবেলা টিকা পেয়েছে

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ এএম

লক্ষ্যমাত্রার চেয়ে ১০% বেশি শিশু হাম-রুবেলা টিকা  পেয়েছে

ছবিঃ বাসস

চলমান হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে সারাদেশে এখন পর্যন্ত ১ কোটি ৯৭ লাখ ৭১ হাজার ৭২০ জন শিশু টিকা পেয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় এ সংখ্যা প্রায় ১০ শতাংশ বেশি। মোট লক্ষ্যমাত্রা ছিল ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ শিশু। এর বিপরীতে টিকাদানের হার দাঁড়িয়েছে ১০৯ দশমিক ৮ শতাংশে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চলতি বছরের মার্চের শেষদিকে দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিলে দ্রুত টিকাদান কর্মসূচি হাতে নেয় সরকার। প্রথম পর্যায়ে ৫ এপ্রিল ১৮ জেলার ৩০ উপজেলায় জরুরি টিকাদান শুরু হয়। এরপর ১২ এপ্রিল ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, বরিশাল ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনে দ্বিতীয় ধাপের কর্মসূচি চালু করা হয়। ২০ এপ্রিল থেকে তৃতীয় ধাপে সারাদেশে একযোগে হাম-রুবেলার টিকাদান শুরু হয়, যা এখনো চলমান।

দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত থাকায় আগামী ২৬ সেপ্টেম্বর থেকে নতুন করে দেশব্যাপী বড় পরিসরে হাম প্রতিরোধী টিকা ক্যাম্পেইন শুরু করার প্রস্তুতি নিয়েছে সরকার। এর লক্ষ্য কোনো শিশুকে টিকাদানের বাইরে না রাখা।

স্বাস্থ্য অধিদপ্তরের হাম-রুবেলা টিকার সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, ১৩ সেপ্টেম্বর পর্যন্ত বরিশাল বিভাগে ১১ লাখ ১০ হাজার ৬৯৮, চট্টগ্রামে ৪৮ লাখ ৪১ হাজার ৯২৪, ঢাকায় ৪৯ লাখ ১৯ হাজার ৯১৩, খুলনায় ১৬ লাখ ৯৫ হাজার ৭৭৯, ময়মনসিংহে ১৫ লাখ ৩০ হাজার ৯১৬, রাজশাহীতে ২২ লাখ ১৩ হাজার ১৯৭, রংপুরে ২০ লাখ ৭৩ হাজার ৪৮৮ এবং সিলেটে ১৩ লাখ ৮৫ হাজার ৮০৫ শিশু হাম-রুবেলার টিকা পেয়েছে।

সিটি কর্পোরেশনগুলোর মধ্যেও উল্লেখযোগ্যসংখ্যক শিশু এ কর্মসূচির আওতায় এসেছে। বরিশালে ৪৪ হাজার ১১৯, চট্টগ্রামে ৩ লাখ ৩৬ হাজার ৮৭০, কুমিল্লায় ৪৮ হাজার ৬৪৩, ঢাকা উত্তরে ৫ লাখ ৫৭ হাজার ৬৮৮, ঢাকা দক্ষিণে ৪ লাখ ১৮ হাজার ৯৭২, গাজীপুরে ২ লাখ ৬ হাজার ৯২৭ এবং নারায়ণগঞ্জে ৮৩ হাজার ৬৯৭ শিশু টিকা নিয়েছে। এছাড়া খুলনায় ৯৬ হাজার ৭৯২, ময়মনসিংহে ৬২ হাজার ৩০৫, রাজশাহীতে ৬৩ হাজার ৫৯, রংপুরে ৮২ হাজার ২৫৩ এবং সিলেটে ৭২ হাজার ৩৪৯ শিশু হাম-রুবেলার টিকা পেয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান বলেন, শিশুদের টিকাদান একটি চলমান কার্যক্রম। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী ব্যাপক হারে হাম প্রতিরোধী টিকা দেয়ার উদ্যোগ সরকারের বাড়তি তৎপরতার অংশ। কর্মসূচির প্রধান লক্ষ্য হলো, কোনো শিশু যেন টিকা গ্রহণ থেকে বাদ না পড়ে।

মন্তব্য করুন