Logo
×

Follow Us

জাতীয়

গ্যাস সরবরাহ স্বাভাবিক, ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পিএম

গ্যাস সরবরাহ স্বাভাবিক, ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

ছবি: সংগৃহীত

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। তবে দীর্ঘদিন বন্ধ থাকার পর কারখানার ইউরিয়া প্ল্যান্টে দেখা দেয়া যান্ত্রিক ত্রুটির কারণে এখনো সার উৎপাদন শুরু করা সম্ভব হয়নি।

তবে গত ৯ সেপ্টেম্বর থেকে অ্যামোনিয়া উৎপাদন শুরু হয়েছে। ত্রুটি মেরামতের কাজ শেষ হলে শিগগিরই ইউরিয়া উৎপাদন শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কারখানার মহাব্যবস্থাপক (বাণিজ্য) এস এম আবদুল্লাহ আল মামুন বলেন, এক সপ্তাহের বেশি সময় ধরে চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ পাচ্ছে কারখানা। ইতিমধ্যে অ্যামোনিয়া প্ল্যান্ট চালু করা হয়েছে।

ইউরিয়া উৎপাদনের প্রধান দুই কাঁচামাল হলো তরল অ্যামোনিয়া ও কার্বন ডাই-অক্সাইড। গ্যাস সরবরাহ পাওয়ার পর অ্যামোনিয়া উৎপাদন শুরু করা সম্ভব হয়েছে। তবে ইউরিয়া প্ল্যান্ট চালুর আগে যান্ত্রিক ত্রুটিগুলো মেরামত করা হবে। এ কারণে ১২ সেপ্টেম্বর থেকে ইউরিয়া উৎপাদন শুরুর লক্ষ্য থাকলেও তা সম্ভব হয়নি।

সিইউএফএলের এক কর্মকর্তা বলেন, সার কারখানা দীর্ঘদিন বন্ধ থাকলে বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হয় এবং পাইপলাইনে মরিচা পড়ে লিকেজ তৈরি হতে পারে। এসব মেকানিক্যাল সমস্যা সমাধানে কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে শিগগিরই ইউরিয়া উৎপাদন শুরু হবে।

তিনি আরো জানান, সবকিছু অনুকূলে থাকলে সিইউএফএলে দৈনিক ১ হাজার টন ইউরিয়া উৎপাদন হবে। দেশের সার সরবরাহে কারখানাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

অন্যদিকে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) এক কর্মকর্তা জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী সার ও বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানে গ্যাস সরবরাহকে অগ্রাধিকার দেয়া হয়। বর্তমানে সিইউএফএলে প্রতিদিন ৪০ মিলিয়ন ঘনফুটের বেশি গ্যাস সরবরাহ করা হচ্ছে। প্রয়োজন হলে সরবরাহ আরো বাড়ানোর সুযোগ রয়েছে।

সিইউএফএল শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) একটি প্রতিষ্ঠান। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় কর্ণফুলী নদীর মোহনায় প্রাকৃতিক গ্যাস থেকে নাইট্রোজেনসমৃদ্ধ প্রিল্ড ইউরিয়া সার উৎপাদনের লক্ষ্যে কারখানাটি স্থাপন করা হয়।

সার উৎপাদনের মাধ্যমে দেশের কৃষিখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সিইউএফএল।

সূত্র: বাসস

মন্তব্য করুন