Logo
×

Follow Us

জাতীয়

ভারতের সাথে করা সব চুক্তি পর্যালোচনা চলছে: হুমায়ুন কবির

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ পিএম

ভারতের সাথে করা সব চুক্তি পর্যালোচনা চলছে: হুমায়ুন কবির

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

আওয়ামী লীগ সরকারের সময়ে ভারতের সাথে করা বিভিন্ন চুক্তি সংসদীয় প্রক্রিয়ার মাধ্যমে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। রোববার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ তথ্য জানান।

ভারতের সাথে বাংলাদেশের একটি কার্যকর ও ইতিবাচক দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, এ সম্পর্ককে নতুন ভিত্তিতে এগিয়ে নিতে দ্বিপক্ষীয় সফর গুরুত্বপূর্ণ। কোনো দেশের সাথে কার্যকর সম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে বহুপক্ষীয় ফোরামের বৈঠকের চেয়ে দ্বিপক্ষীয় যোগাযোগকেই অগ্রাধিকার দেয়া উচিত।

হুমায়ুন কবির বলেন, গত ১৫ বছর একটি সমস্যাগ্রস্ত ও ত্রুটিপূর্ণ সরকারের সাথে ভারতের সম্পর্ক ছিল। সেই পরিস্থিতি থেকে বের হয়ে বাংলাদেশ এখন নতুন ধরনের সম্পর্কের দিকে এগোতে চায়। এ ক্ষেত্রে দ্বিপক্ষীয় প্রক্রিয়ায় যোগাযোগ বাড়ানো প্রয়োজন।

তবে বহুপক্ষীয় ফোরামে ভারতের সাথে বৈঠকের সম্ভাবনা নাকচ করেননি তিনি। প্রতিমন্ত্রী বলেন, জাতিসংঘসহ বিভিন্ন বহুপক্ষীয় প্ল্যাটফর্মে সুযোগ তৈরি হলে ভারতের সাথে প্রয়োজনীয় আলোচনা করা হবে। যেখানে যে ধরনের যোগাযোগের সুযোগ থাকবে, তা কাজে লাগানো হবে।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর প্রসঙ্গে তিনি বলেন, সফরের মূল উদ্দেশ্য সাধারণ পরিষদে ভাষণ দেয়া। এ ধরনের সফরে বিভিন্ন দেশের নেতাদের সাথে সাইডলাইন বৈঠক হওয়া স্বাভাবিক এবং শেষ মুহূর্তেও বৈঠকের সূচিতে পরিবর্তন বা সংযোজন হতে পারে। কার সাথে বৈঠক হবে, তা চূড়ান্ত হলে গণমাধ্যমের মাধ্যমে দেশের মানুষকে জানানো হবে।

ভারত প্রসঙ্গে অতিরিক্ত আগ্রহের পরিবর্তে দেশের স্বার্থ ও নিজস্ব বিষয়গুলোকে গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভারত বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ একটি দেশ হলেও দেশটি অন্য দেশগুলোর মতোই একটি দ্বিপক্ষীয় অংশীদার। প্রয়োজন অনুযায়ী ভারতের সাথে যোগাযোগ রাখা হবে, তবে বাংলাদেশের নিজস্ব স্বার্থ ও অগ্রাধিকারই সামনে থাকবে।

মন্তব্য করুন