Logo
×

Follow Us

জাতীয়

সাব-রেজিস্ট্রার বদলিতে লটারি পদ্ধতি চালু হচ্ছে: আইনমন্ত্রী

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ পিএম

সাব-রেজিস্ট্রার বদলিতে লটারি পদ্ধতি চালু হচ্ছে: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান।

সাব-রেজিস্ট্রারদের বদলির ক্ষেত্রে লটারি পদ্ধতি চালু করা হচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, সাব-রেজিস্ট্রি বিভাগ নিয়ে মানুষের মধ্যে নানা প্রশ্ন রয়েছে। বিশেষ করে ঢাকায় পোস্টিং পেতে অর্থ লেনদেনের অভিযোগ থাকায় এবার প্রথমবারের মতো ঢাকা শহরে সাব-রেজিস্ট্রার বদলিতে লটারির মাধ্যমে পদায়নের উদ্যোগ নেয়া হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা, মাদক ও দুর্নীতি নিয়ন্ত্রণ এবং সুশাসন নিশ্চিতকরণবিষয়ক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইনমন্ত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের চরিত্রহননের প্রবণতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। আইনমন্ত্রী বলেন, সরকার মতপ্রকাশ, বাক্‌স্বাধীনতা ও বিবেকের স্বাধীনতা নিশ্চিত করতে চায়। একই সাথে ইয়েলো জার্নালিজম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে চরিত্রহননের চেষ্টা নিয়ন্ত্রণের প্রয়োজন রয়েছে।

তিনি জানান, সাইবার আইন-২০২৬ নিয়ে পর্যাপ্ত নয়—এমন মতামত পাওয়ার পর আইনটি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশোধনী প্রস্তাব মন্ত্রিসভায় পাঠানো হলেও বাক্‌স্বাধীনতার বিষয়টি গুরুত্ব দিয়ে আরও পর্যালোচনার জন্য তা একটি উপকমিটিতে পাঠানো হয়েছে। এরই মধ্যে সংশোধনী নিয়ে জনপরামর্শ শুরু হয়েছে। প্রথম পর্যায়ে জাতীয় পর্যায়ের বিভিন্ন সংবাদপত্র ও ইলেকট্রনিক গণমাধ্যমের সম্পাদকদের মতামত নেওয়া হয়েছে। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামতও নেয়া হচ্ছে।

আইনমন্ত্রী আরও বলেন, রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযানের পাশাপাশি রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজিও দমন করা হবে। বিএনপির কোনো নেতা এ ধরনের কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করলে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তাকেও ছাড় দেয়া হবে না।

এর আগে সকাল ৯টায় সাতক্ষীরা জেলা জজ আদালতের সম্মেলনকক্ষে জেলা পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন আইনমন্ত্রী। পরে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত সমন্বয় সভায় যোগ দেন।

মন্তব্য করুন