Logo
×

Follow Us

জাতীয়

গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে-রাষ্ট্রপতি

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ পিএম

গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে-রাষ্ট্রপতি

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক ও শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থাকে আরো কার্যকর করার ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, গণতন্ত্রের ভিত্তি মজবুত করতে হলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার কোনো বিকল্প নেই।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে দেশের ৩৩টি জেলা পরিষদের প্রশাসকদের সাথে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

স্থানীয় সরকারকে গণতন্ত্রের অন্যতম প্রধান শক্তি হিসেবে উল্লেখ করে জেলা পরিষদের প্রশাসকদের সতর্ক ও সক্রিয়ভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন রাষ্ট্রপতি। তিনি বলেন, আগের সরকারের সময়ের দুর্নীতি ও অনিয়ম থেকে বেরিয়ে আসতে প্রশাসকদের সজাগ থেকে কাজ করতে হবে।

সাক্ষাৎকালে জেলা পরিষদের প্রশাসকরা পদমর্যাদা বৃদ্ধি এবং বিভিন্ন সুযোগ-সুবিধাসহ তাদের নানা দাবি রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। জবাবে রাষ্ট্রপতি তাদের আশ্বস্ত করে বলেন, বর্তমান সরকার জনগণের সরকার। উত্থাপিত সমস্যাগুলো সমাধানে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

রাষ্ট্রপতি বলেন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ নিশ্চিত করতে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার বিষয়ে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে। একই সঙ্গে গণতন্ত্র পুনরুদ্ধার এবং দীর্ঘ সময় ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে জেলা পরিষদের প্রশাসকদের ভূমিকার কথাও কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন তিনি।

জেলা পরিষদগুলোর উন্নয়ন কার্যক্রমে গতি আনা, স্থানীয় পর্যায়ে নাগরিক সেবা আরও কার্যকর করা এবং প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখার বিষয়েও প্রশাসকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন রাষ্ট্রপতি।

মন্তব্য করুন