হাম উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৮
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পিএম
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এ নিয়ে চলতি বছরের হাম ও উপসর্গে মোট মৃত্যু ১ হাজার ২২ জনে দাঁড়াল। এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৯৬৮ শিশু।
রবিবার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৯২২ শিশুর।
এদিকে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরো ১০০ শিশু। সব মিলিয়ে এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২২ শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৬৩ শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে। আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৯০৫। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৮২২ শিশু এবং চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ৭৬৭ শিশু।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭১ হাজার ৫৪৩। এ সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২০ হাজার ৬৯ জনের।
এ সময়ের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৫১ হাজার ২৪ জন। তাদের মধ্যে ১ লাখ ৪৫ হাজার ২৫২ জন চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)