ন্যায্যতা ও আইনের ভিত্তিতে দেশ চলবে: সংস্কৃতি মন্ত্রী
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পিএম
ছবিঃ বাসস
ন্যায্যতা, জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিত করেই দেশ পরিচালনা করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, গত ১৭ বছরে দলীয়করণের কারণে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন রাষ্ট্র পরিচালনায় ন্যায়সংগত ব্যবস্থা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় গুরুত্ব দেয়া হবে।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে প্রথম সরকারি সফরে চুয়াডাঙ্গায় গিয়ে তিনি প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা জানান নিতাই রায় চৌধুরী। একই সাথে সার ও বিদ্যুৎ নিয়ে বিভ্রান্তিকর তথ্য বা অপপ্রচার ঠেকাতে প্রশাসনকে সক্রিয় থাকার নির্দেশনা দেন তিনি।
সংস্কৃতি মন্ত্রী বলেন, জনগণের জীবনমান উন্নয়ন ও কল্যাণ নিশ্চিত করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এর মধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ, খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম রয়েছে। এসব উদ্যোগের সুফল জনগণের কাছে পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি।
নিতাই রায় চৌধুরী আরও বলেন, নজরুল বর্ষ উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে। এসব আয়োজনের মাধ্যমে অসাম্প্রদায়িক চেতনা বিকাশের পাশাপাশি জাতীয় সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করার লক্ষ্য রয়েছে।
জেলা প্রশাসক লুৎফুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবির খান, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)