Logo
×

Follow Us

জাতীয়

গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রয়োজন শক্তিশালী স্থানীয় সরকার: এলজিআরডি মন্ত্রী

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ পিএম

গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রয়োজন শক্তিশালী স্থানীয় সরকার: এলজিআরডি মন্ত্রী

ছবিঃ বাসস

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, জনগণের অংশগ্রহণ বাড়ানো এবং জবাবদিহি নিশ্চিত করতে শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেছেন, তৃণমূল পর্যায়ে গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী না হলে দেশের সামগ্রিক গণতান্ত্রিক কাঠামোও সুদৃঢ় করা সম্ভব নয়।

রোববার সচিবালয়ে নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলির সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।

ড. আবদুল মঈন খান বলেন, বাংলাদেশের মতো জনবহুল দেশে মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে কার্যকর ও শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থার গুরুত্ব অনেক। একই সঙ্গে দেশের জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের পাশাপাশি স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নিজস্ব আয় ও আর্থিক সক্ষমতা বাড়ানো প্রয়োজন।

স্থানীয় সরকারকে আরও কার্যকর করতে প্রকৃত বিকেন্দ্রীকরণের ওপর জোর দেন মন্ত্রী। তার মতে, স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়ানো এবং জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করা গেলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা আরও বাড়বে। পাশাপাশি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের কথাও উল্লেখ করেন তিনি।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার, গণতন্ত্র ও স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়ন, গ্রামীণ নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি, জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করা এবং নারী ক্ষমতায়নের ক্ষেত্রে দুই দেশের অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্ব দেন তিনি।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার পাশাপাশি দেশের গণতান্ত্রিক কাঠামো আরও সুদৃঢ় করার বিভিন্ন দিক নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বিশেষ করে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর আর্থিক সক্ষমতা বৃদ্ধি, ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে উভয় পক্ষ গুরুত্ব দিয়েছে।

তিনি বলেন, গ্রামীণ অর্থনীতিতে নারীদের অংশগ্রহণ বাড়ানো, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং স্থানীয় সরকার নির্বাচনসংক্রান্ত অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রেও বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে সহযোগিতার সুযোগ রয়েছে। পারস্পরিক অভিজ্ঞতা ও সহযোগিতার মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়া সম্ভব বলে আশা প্রকাশ করেন তিনি।

বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন