Logo
×

Follow Us

জাতীয়

স্থানীয় সরকার নির্বাচনে লাগবে না শিক্ষাগত যোগ্যতা: মীর শাহে আলম

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ পিএম

স্থানীয় সরকার নির্বাচনে লাগবে না শিক্ষাগত যোগ্যতা: মীর শাহে আলম

ছবিঃ বাসস

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনসংক্রান্ত পাঁচটি আইনের কোনোটিতেই প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতার শর্ত রাখা হয়নি। তাই এ নিয়ে সম্ভাব্য প্রার্থীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রীর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান প্রতিমন্ত্রী।

মীর শাহে আলম বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সদস্য পদে নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার কোনো বাধ্যবাধকতা নেই। একইভাবে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, জেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও কাউন্সিলর এবং সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর পদেও শিক্ষাগত যোগ্যতার নির্দিষ্ট কোনো শর্ত নেই।

তিনি জানান, প্রার্থীদের ক্ষেত্রে বয়সের একটি শর্ত রয়েছে। ভোটার হওয়ার পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে হলে বয়স কমপক্ষে ২৫ বছর হতে হবে।

প্রতিমন্ত্রী জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ তুলে বলেন, সংসদ সদস্য পদে প্রার্থিতার ক্ষেত্রেও সংবিধান বা আইনে কোনো শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়নি। তিনি নিজেও সংসদ সদস্য পদে মনোনয়নপত্র জমা দেয়ার সময় এমন কোনো শর্তের মুখোমুখি হননি বলে উল্লেখ করেন।

মীর শাহে আলমের ভাষ্য, শিক্ষাগত যোগ্যতাকে নির্বাচনের বাধ্যতামূলক শর্ত করা হলে তা সাংবিধানিক ও মানবাধিকারের প্রশ্ন তৈরি করতে পারে। তার মতে, প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও একজন ব্যক্তি স্বশিক্ষিত হয়ে সমাজে নেতৃত্ব দেয়ার সক্ষমতা অর্জন করতে পারেন।

তিনি বলেন, কোনো ব্যক্তি প্রথাগত শিক্ষার সুযোগ না পেলেও তার জ্ঞান, অভিজ্ঞতা ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের যোগ্যতা থাকতে পারে। এ কারণেই সাংবিধানিক ও মানবাধিকার বিবেচনায় জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা রাখা হয়নি।

মন্তব্য করুন