সাতকানিয়ায় নতুন উপজেলা গঠনের উদ্যোগ
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আংশিক ছয়টি ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের প্রস্তাব করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করে একটি স্বয়ংসম্পূর্ণ প্রস্তাব তৈরি এবং বিভাগীয় কমিশনারের সুপারিশসহ স্থানীয় সরকার বিভাগে পাঠাতে চট্টগ্রামের জেলা প্রশাসককে নির্দেশ দেয়া হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপজেলা পরিষদ-১ শাখা থেকে ১০ সেপ্টেম্বর এ সংক্রান্ত চিঠি জারি করা হয়। এতে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) সংসদীয় আসনের আওতাধীন সাতকানিয়ার ছয়টি ইউনিয়নের অংশ নিয়ে নতুন উপজেলা প্রতিষ্ঠার প্রস্তাবের কথা উল্লেখ করা হয়েছে।
চিঠিতে বলা হয়, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের পাঠানো ডিও পত্রের পরিপ্রেক্ষিতে নতুন উপজেলা গঠনের উদ্যোগ নেয়া হয়েছে। প্রস্তাবটি মন্ত্রিপরিষদ বিভাগের ২০০৮ সালের ২৪ অক্টোবরের পরিপত্রে নির্ধারিত শর্ত ও নির্দেশনা অনুসরণ করে প্রস্তুত করতে বলা হয়েছে।
নতুন উপজেলা গঠনের ক্ষেত্রে জনসংখ্যা, আয়তন, ভৌগোলিক অবস্থান, যোগাযোগব্যবস্থা, প্রশাসনিক সুবিধা, স্থানীয় জনগণের প্রয়োজন এবং বিদ্যমান প্রশাসনিক কাঠামোসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নেয়া হবে। এসব তথ্য-উপাত্ত যুক্ত করে জেলা প্রশাসনকে প্রস্তাবটি প্রস্তুত করতে বলা হয়েছে।
জেলা প্রশাসনের প্রস্তাব পাওয়ার পর তা নির্ধারিত প্রক্রিয়ায় যাচাই-বাছাই করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের পাশাপাশি চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য, স্থানীয় সরকার বিভাগের পরিচালক ও উপপরিচালক এবং সাতকানিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও চিঠির অনুলিপি দেয়া হয়েছে।
জেলা প্রশাসনের সুপারিশসহ প্রস্তাব স্থানীয় সরকার বিভাগে পাঠানোর পর নতুন উপজেলা প্রতিষ্ঠার বিষয়ে পরবর্তী প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)