Logo
×

Follow Us

জাতীয়

ভারতে ইলিশ রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ পিএম

ভারতে ইলিশ রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি

ইলিশ

বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর দীর্ঘদিনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে কলকাতার ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন। এ বিষয়ে বাংলাদেশের নবনিযুক্ত বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের কাছে লিখিত আবেদন জানিয়েছেন সংগঠনটির নেতারা।

সম্প্রতি পাঠানো চিঠিতে ভারতীয় ব্যবসায়ীরা জানান, ১৯৯৬ সাল থেকে বেনাপোল ও আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে ইলিশ আমদানি করতেন তারা। তবে ২০১২ সালের জুলাইয়ে বাংলাদেশ সরকার ইলিশ রপ্তানি বন্ধ করে দেয়ার পর তাদের এ ব্যবসা বন্ধ হয়ে যায়।

ব্যবসায়ীরা জানান, নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য ২০১২ সালের পর থেকে বিভিন্ন সময়ে বাংলাদেশ সরকারের কাছে আবেদন করা হলেও স্থায়ীভাবে রপ্তানির অনুমতি দেয়া হয়নি। ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ অনুমতিতে সীমিত পরিসরে ইলিশ রপ্তানির সুযোগ দেয়া হলেও তা চাহিদার তুলনায় পর্যাপ্ত নয় বলে তারা উল্লেখ করেন।

চিঠিতে দুই বাংলার ভাষা, সংস্কৃতি ও খাদ্যাভ্যাসের দীর্ঘদিনের সম্পর্কের বিষয়টি তুলে ধরে বলা হয়, পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার মানুষের কাছে বাংলাদেশের পদ্মার ইলিশের বিশেষ চাহিদা রয়েছে। নিষেধাজ্ঞা তুলে নেয়া হলে বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষ উপকৃত হওয়ার পাশাপাশি দুই দেশের জনগণের সম্পর্কও আরও দৃঢ় হবে বলে দাবি করেন ভারতীয় ব্যবসায়ীরা।

ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মকসুদ বলেন, কলকাতার মানুষের কাছে বাংলাদেশের ইলিশ অত্যন্ত জনপ্রিয়। রপ্তানি নিষেধাজ্ঞার কারণে তারা নিয়মিত আমদানি করতে পারছেন না। তাই বাংলাদেশ সরকারের কাছে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন জানানো হয়েছে এবং বিষয়টি সরকার বিবেচনা করবে বলে তারা আশাবাদী।

মন্তব্য করুন