Logo
×

Follow Us

জাতীয়

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে মনোনয়নপত্র বিক্রি করবে বিএনপি

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ এএম

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে মনোনয়নপত্র বিক্রি করবে বিএনপি

বিএনপি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে মনোনয়নপত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। আগামী ২৯ অক্টোবর এ আসনে ভোট অনুষ্ঠিত হবে। দলের আগ্রহী প্রার্থীদের জন্য ১৫ সেপ্টেম্বর থেকে মনোনয়ন ফরম সংগ্রহের সুযোগ রাখা হয়েছে।

শনিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বৈঠকে সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

রিজভী জানান, বিএনপির সাবেক মহাসচিব ও বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ায় ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়েছে। এই আসনে দলের মনোনয়ন প্রত্যাশীদের আগামী ১৫ সেপ্টেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করতে হবে। ১৬ সেপ্টেম্বরের মধ্যে ফরম জমা দিতে হবে।

তিনি বলেন, ১৮ সেপ্টেম্বর গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে মনোনয়ন বোর্ড আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার নেবে। সেখানেই উপনির্বাচনের জন্য দলের চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে।

স্থায়ী কমিটির বৈঠকে গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, এজেডএম জাহিদ হোসেন, রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, ইসমাইল জবিহউল্লাহ ও ফরহাদ হালিমসহ দলের নীতিনির্ধারক নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠকে সরকারের শুরু করা তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান নিয়েও আলোচনা হয়। ডেঙ্গু মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানের জন্য তাকে ধন্যবাদ জানানো হয়েছে বলে জানান রিজভী। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে ঢাকাসহ সারা দেশে প্রচারপত্র বিতরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রিজভী বলেন, দেশের চিকিৎসক ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে এসব প্রচারপত্র তৈরি করা হবে। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরির জন্য দলের পক্ষ থেকে টেলিভিশন ও বেতারে বিভিন্ন অনুষ্ঠান প্রচারের উদ্যোগও নেয়া হবে।

স্কুল, কলেজ, মাদ্রাসা ও হাটবাজারসহ বিভিন্ন স্থানে আবর্জনা নির্দিষ্ট স্থানে রাখার বিষয়ে বিএনপি কাজ করবে বলেও জানান তিনি। একই সাথে দলের বিভিন্ন কমিটিতে মৃত্যু বা বহিষ্কারের কারণে শূন্য হওয়া পদগুলো গঠনতন্ত্র অনুযায়ী পূরণের উদ্যোগ নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

মন্তব্য করুন