গুম-খুনের নির্দেশদাতা শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ পিএম
ছবিঃ বাসস
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘বিশ্বের সেরা অভিনেত্রী’ এবং গুম-খুনের নির্দেশদাতা হিসেবে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তার দাবি, গুম ও খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের গণভবনে ডেকে সান্ত্বনা দেয়ার পাশাপাশি এসব ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা ছিল।
লালমোহনে নাগরিক সমাজ আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্পিকারের বক্তব্য অনুযায়ী, গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের তাদের ফিরিয়ে দেয়ার আশ্বাস দেয়া হলেও তারা কোথায় আছেন, সে বিষয়ে শেখ হাসিনা অবগত ছিলেন।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের ঘটনায় দেয়া সাক্ষ্য ও উপস্থাপিত প্রমাণের মাধ্যমে শেখ হাসিনার বিরুদ্ধে এসব অভিযোগ এখন জনগণের কাছে স্পষ্ট হয়েছে। তিনি দাবি করেন, একজন ব্যারিস্টারকে দীর্ঘ আট বছর হ্যান্ডকাফ পরিয়ে ‘আয়না ঘরে’ আটকে রাখা হয়েছিল। পরবর্তীতে শেখ হাসিনা দেশ ছাড়ার পর ওই ব্যারিস্টার মুক্ত হয়ে সংসদ সদস্য হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
আওয়ামী লীগ সরকারের সময়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে স্পিকার বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে একটি বালিশের দাম ৬০ হাজার টাকা এবং একটি পর্দার দাম ৪২ হাজার টাকা দেখানো হয়েছিল। সাবেক এক ভূমি প্রতিমন্ত্রীর বিরুদ্ধে লন্ডনে বিপুলসংখ্যক বাড়ি থাকার অভিযোগও তোলেন তিনি।
লালমোহনের স্থানীয় রাজনীতির প্রসঙ্গ তুলে হাফিজ উদ্দিন আহমদ অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময় এলাকার সাবেক সংসদ সদস্যের নেতৃত্বে সন্ত্রাস ও সহিংসতার ঘটনা ঘটেছিল। ২০১০ সালের উপনির্বাচনে তার নেতাকর্মীদের ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর এবং ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলমকে মারধরের অভিযোগও তুলে ধরেন তিনি।
স্পিকার বলেন, অতীতের মতো দেশজুড়ে সন্ত্রাসের রাজনীতি আর চলতে দেয়া হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে স্বচ্ছতা, জবাবদিহিতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার নতুন ধারার সূচনা হবে বলেও মন্তব্য করেন তিনি। এ জন্য দল-মত নির্বিশেষে সবাইকে সহযোগিতার আহ্বান জানান স্পিকার।
লালমোহন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবালের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)