Logo
×

Follow Us

জাতীয়

আসুন সবাই একসাথে রাষ্ট্র পুনর্গঠন করি: প্রধানমন্ত্রী

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ পিএম

আসুন সবাই একসাথে রাষ্ট্র পুনর্গঠন করি: প্রধানমন্ত্রী

ছবি: পিএমও

দেশের উন্নয়ন ও রাষ্ট্র পুনর্গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে তরুণদের নেতৃত্বে পরিচ্ছন্ন ও সুস্থ বাংলাদেশ গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। ১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া কর্মসূচিটি আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে। ঢাকার পাশাপাশি সব জেলা ও উপজেলায় একযোগে সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

তরুণদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, একটি দেশের তরুণ সমাজ পরিবর্তনের সিদ্ধান্ত নিলে তা বাস্তবায়ন সম্ভব। ২০২৪ সালের ৫ আগস্ট তরুণ সমাজের মাধ্যমে পরিবর্তনের সূচনা বিশ্ব দেখেছে উল্লেখ করে তিনি বলেন, এবার রাষ্ট্র ও দেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসতে হবে।

ডেঙ্গু মোকাবিলায় আগামী তিন মাসে সর্বোচ্চ সাফল্য অর্জনের প্রত্যাশা জানিয়ে তারেক রহমান বলেন, শতভাগ সফলতা সম্ভব না হলেও অন্তত ৮০ শতাংশ সমস্যার সমাধানের চেষ্টা করতে হবে। এ জন্য এডিস মশার প্রজননস্থল ধ্বংস, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন স্থানে পড়ে থাকা প্লাস্টিক, কাগজ, ভাঙারি ও অন্যান্য সামগ্রীতে পানি জমে এডিস মশার প্রজনন ঘটে। সম্মিলিতভাবে এসব স্থান পরিষ্কার করা গেলে ডেঙ্গুর বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব।

পরিচ্ছন্নতা কার্যক্রমকে দৈনন্দিন অভ্যাসে পরিণত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতি সপ্তাহে অন্তত এক ঘণ্টা নিজের বাসা, শিক্ষাপ্রতিষ্ঠান বা কর্মস্থল পরিষ্কার রাখার উদ্যোগ নিলে দ্রুত পরিবর্তন আনা সম্ভব। যেখানে-সেখানে ময়লা ফেলা থেকে বিরত থাকার পাশাপাশি অন্যদেরও এ বিষয়ে সচেতন করতে হবে।

দেশ গঠনে তরুণ ও শিক্ষার্থীদের অংশগ্রহণের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, দেশে প্রায় ২৩ লাখ স্কাউট সদস্য, ২২ হাজার বিএনসিসি সদস্য এবং বিভিন্ন স্তরের প্রায় দেড় কোটি শিক্ষার্থী রয়েছে। প্রাথমিক বিদ্যালয় ও এবতেদায়ি মাদ্রাসায় রয়েছে আরও প্রায় আড়াই কোটি শিক্ষার্থী। গার্ল গাইড, স্কাউট, বিএনসিসি ও স্বেচ্ছাসেবীদেরও এই উদ্যোগে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

তারেক রহমান বলেন, নিজেদের সুস্থ রাখা, পরিবার ও সমাজকে সুস্থ রাখা এবং দেশকে পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সবার। এ কাজ কঠিন নয়; প্রয়োজন শুধু সচেতনতা ও নিয়মিত উদ্যোগ। এ সময় তিনি বলেন, ‘কাজ, কাজ, আর কাজ’ এবং পরিচ্ছন্নতাকেই আগামী দিনের অন্যতম প্রধান লক্ষ্য করতে হবে।

ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের সমন্বয়কে গুরুত্ব দেয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

অনুষ্ঠানে স্থানীয় সরকার, স্বাস্থ্য, তথ্য ও সম্প্রচারসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, মুখ্য সচিব, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সিটি করপোরেশনের কর্মী, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। দেশের সব জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারাও অনলাইনে উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হন।

মন্তব্য করুন