সংগৃহীত ছবি
দেশীয় উদ্ভাবনকে গবেষণাগার থেকে বাণিজ্যিক উৎপাদনে নিয়ে যাওয়ার পাশাপাশি সরাসরি বাজারের সাথে যুক্ত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্য সামনে রেখে রাজধানীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’।
বুধবার সকালে বিজয় সরণির নভোথিয়েটারে ‘ইনোভেট টু মার্কেট’ প্রতিপাদ্যে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় উদ্ভাবক, উদ্যোক্তা, বিনিয়োগকারী, নীতিনির্ধারক, শিক্ষাপ্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগীদের মধ্যে কার্যকর অংশীদারিত্ব তৈরির ওপর গুরুত্ব দেয়া হয়েছে।
মেলায় সরকারি-বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, ৭৩টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্বতন্ত্র গবেষক, শিক্ষার্থী, স্টার্টআপ ও ক্ষুদ্র-মাঝারি শিল্পপ্রতিষ্ঠানের পাশাপাশি আন্তর্জাতিক বিনিয়োগকারীরা অংশ নিয়েছেন। প্রযুক্তি, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও পরিবেশসহ বিভিন্ন খাতে এক হাজারের বেশি উদ্ভাবন প্রদর্শন করা হচ্ছে।
আয়োজকরা জানান, দেশের বিভিন্ন প্রান্তে সম্ভাবনাময় প্রযুক্তি ও নতুন ধারণা তৈরি হলেও নীতি সহায়তা, প্রাথমিক অর্থায়ন এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতার অভাবে অনেক উদ্ভাবন বাজারে পৌঁছাতে পারে না। এসব বাধা দূর করার পাশাপাশি মেধাস্বত্ব সুরক্ষা এবং উদ্ভাবনের বাণিজ্যিক সম্প্রসারণের সুযোগ তৈরি করাই এবারের মেলার অন্যতম লক্ষ্য।
মেলার দ্বিতীয় দিনে স্বাস্থ্যসেবা নিয়ে একটি বিশেষ আন্তর্জাতিক সেশনের আয়োজন করা হবে। ‘সবার জন্য স্বাস্থ্য উদ্ভাবন: সাশ্রয়ী ও অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণ’ শীর্ষক এ সেশনে প্রান্তিক মানুষের কাছে কম খরচে মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এর কৌশলগত অংশীদার হিসেবে রয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি) এবং ফরেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফআইসিসিআই)। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) মেলায় কারিগরি অংশীদার হিসেবে যুক্ত রয়েছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)