মৎস্য উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তি নির্ভর হতে হবে :মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পিএম
ছবিঃ বাসস
দেশে মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি গুণগত মান নিশ্চিত করতে সরকারি মৎস্য খামারগুলোর সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এ জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত ব্যবস্থাপনা এবং বিদ্যমান অবকাঠামোর সঠিক রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার আটপুকুর পাড় এলাকায় সরকারি মৎস্যবীজ উৎপাদন খামার পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশের মৎস্য খাতকে আরও শক্তিশালী করতে সরকারি খামারগুলোর উৎপাদন সক্ষমতা বাড়ানো জরুরি। উন্নত ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তির সমন্বিত ব্যবহারের মাধ্যমে মৎস্যবীজ উৎপাদন বাড়ানো সম্ভব। পাশাপাশি খামারগুলোর অবকাঠামো নিয়মিত রক্ষণাবেক্ষণের ওপরও গুরুত্ব দিতে হবে। এ কাজে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিতভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টিও বিবেচনায় রাখতে হবে। সরকারি মৎস্য খামারগুলোতে সৌরবিদ্যুৎসহ পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বাড়ানো গেলে উৎপাদন ব্যবস্থা আরও টেকসই ও সাশ্রয়ী হবে।
পরিদর্শনের সময় সরকারি মৎস্যবীজ উৎপাদন খামারে ২০ কিলোওয়াট ক্ষমতার একটি সৌরবিদ্যুৎ ব্যবস্থা উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। পরে তিনি খামারের ব্রুড মাছের পুকুর পরিদর্শন করে মাছের অবস্থা পর্যবেক্ষণ করেন। এ ছাড়া খামার প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন তিনি।
এ সময় মৎস্য অধিদপ্তরের ঢাকা বিভাগের পরিচালক মো. আহসান হাসিব খান, সরকারি মৎস্য খামারগুলোর উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মশিউর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান কবীর, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন মিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক আজিম উদ্দিন বিপ্লবসহ মৎস্য অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)