স্বাস্থ্যসেবায় অনিয়ম চলবে না: স্বাস্থ্যমন্ত্রী
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পিএম
সংগৃহীত ছবি
স্বাস্থ্যসেবায় অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি বলেছেন, হাসপাতালে অনিয়ম-দুর্নীতি বন্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘হয় আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে।’
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে মুগদা জেনারেল হাসপাতালে ঝটিকা সফরে গিয়ে এ সতর্কবার্তা দেন স্বাস্থ্যমন্ত্রী। পরিদর্শনের সময় তিনি হাসপাতালের ডেঙ্গু ইউনিটসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবা কার্যক্রমের খোঁজ নেন। এ সময় হাসপাতালের কয়েকটি অনিয়মও তার নজরে আসে।
পরিদর্শনকালে চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের সাথে কথা বলেন সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তাদের কয়েকজন অভিযোগ করেন, প্রয়োজনের সময় দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের পাওয়া যায় না। নার্সদের কাছ থেকেও পর্যাপ্ত সহযোগিতা না পাওয়ার পাশাপাশি দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ করেন তারা।
রোগী ও স্বজনদের অভিযোগ শুনে স্বাস্থ্যমন্ত্রী তাদের আশ্বস্ত করেন। তিনি বলেন, হাসপাতালের যেকোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। চিকিৎসাসেবায় অবহেলা কিংবা অনিয়ম কোনোভাবেই গ্রহণ করা হবে না বলেও তিনি জানান।
এ সময় হাম প্রতিরোধে ৪ কোটি টিকা সংগ্রহের তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে বলেও জানান তিনি।
স্বাস্থ্যসেবার পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়েও সরকারের পরিকল্পনার কথা জানান সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেন, আগামী ১২ সেপ্টেম্বর থেকে সারাদেশে তিন মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হবে। সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচির উদ্বোধন করবেন বলে জানান তিনি।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)