Logo
×

Follow Us

জাতীয়

দেশীয় অর্থায়নে হবে পদ্মা ব্যারেজ: পানি সম্পদ মন্ত্রী

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ পিএম

দেশীয় অর্থায়নে হবে পদ্মা ব্যারেজ: পানি সম্পদ মন্ত্রী

ছবিঃ নিউজ ২৪

দেশীয় অর্থায়নেই পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। তিনি জানান, আগামী বছরের মার্চের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকল্পটির উদ্বোধনের ঘোষণা দেবেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর এলাকায় পদ্মা নদীর চর পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন পানি সম্পদ মন্ত্রী।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, পদ্মা ব্যারেজ নির্মাণ হলে দেশের ২৪ জেলার মানুষ সরাসরি এর সুফল পাবেন। প্রকল্পটি বাস্তবায়িত হলে বিদ্যুৎ উৎপাদন বাড়ার পাশাপাশি মাছের উৎপাদন এবং কৃষি খাতে ব্যাপক পরিবর্তনের সুযোগ তৈরি হবে। এর সামগ্রিক প্রভাব দেশের অর্থনীতিতেও পড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

পানি সম্পদ মন্ত্রী বলেন, ২০০৪ সালে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া পদ্মা ব্যারেজ প্রকল্পের সমীক্ষা করেছিলেন। দীর্ঘ অপেক্ষার পর ২০২৬ সালে প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদন পেয়েছে। এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে প্রকল্পটি বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে।

তিনি আরো বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে শুরু হওয়া খাল খনন কর্মসূচিও নতুন করে চালু করা হয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী এ পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করা হয়েছে।

পদ্মা নদীর চর পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এবং রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন