রাঙামাটির কাপ্তাই বাঁধ
রাঙামাটির কাপ্তাই লেকে পানির উচ্চতা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট আবারও খুলে দেয়া হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে প্রতিটি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দিয়ে লেকের অতিরিক্ত পানি নিষ্কাশন শুরু করেছে কর্তৃপক্ষ। এটি চলতি সময়ে তৃতীয়বারের মতো জলকপাট খোলার ঘটনা।
কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সূত্রে জানা গেছে, বর্তমানে কাপ্তাই লেকে পানির উচ্চতা ১০৫ দশমিক ৫১ ফুট এমএসএল। পানি বৃদ্ধি পাওয়ায় রাঙামাটির বিভিন্ন এলাকায় নিম্নাঞ্চল ও বাড়িঘর প্লাবিত হচ্ছে। পরিস্থিতি আরও অবনতি ঠেকাতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাঁধের জলকপাট খুলে পানি ছাড়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, লেকের বর্তমান পানির উচ্চতা বিবেচনায় ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খোলা হয়েছে। পানি কমে ১০৫ ফুট এমএসএলে পৌঁছালে জলকপাটগুলো পুনরায় বন্ধ করে দেয়া হবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, কাপ্তাই লেকের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। এর আগে পানির উচ্চতা আরও বেড়ে সম্ভাব্য ঝুঁকি তৈরি হওয়ার আগেই অতিরিক্ত পানি বের করে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। সম্ভাব্য দুর্যোগ ও প্লাবন পরিস্থিতি মোকাবিলায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
কাপ্তাই বাঁধের জলকপাট খুলে পানি নিষ্কাশনের ফলে লেকের পানির চাপ নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি আশপাশের এলাকায় সম্ভাব্য ঝুঁকি কমানো সম্ভব হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)