২০২৭ সালের হজ নিবন্ধনের শেষ সময় ২৪ সেপ্টেম্বর
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ পিএম
সংগৃহীত ছবি
২০২৭ সালের পবিত্র হজ পালনে আগ্রহী বাংলাদেশি হজযাত্রীদের নিবন্ধন আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে। সৌদি আরবের নির্ধারিত সময়সূচি অনুযায়ী এ সময়ের পর নিবন্ধনের মেয়াদ আর বাড়ানো হবে না বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-২ শাখা থেকে গত ৯ সেপ্টেম্বর জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ২০২৭ সালের হজে বাংলাদেশের জন্য মোট ৭৮ হাজার ৫০০ জনের কোটা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৬৭৬ জনের নিবন্ধনের কথা উল্লেখ করা হয়েছে।
চলতি বছরের ২৭ জুলাই থেকে ২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন শেষ হওয়ার পর বাংলাদেশ থেকে চূড়ান্তভাবে কতজন হজে যাবেন, সেই সংখ্যা সৌদি কর্তৃপক্ষকে জানানো হবে।
চূড়ান্ত হজযাত্রীর সংখ্যা নির্ধারণের পর সৌদি আরব পর্বের প্রয়োজনীয় অর্থ পাঠানো, হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা, ভিসা আবেদন, টিকাদান ও হজ প্রশিক্ষণসহ আনুষঙ্গিক কার্যক্রম শুরু হবে। এসব প্রস্তুতি সম্পন্ন করতে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন শেষ করার ওপর গুরুত্ব দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
মন্ত্রণালয় হজে যেতে ইচ্ছুক ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমের সাথে যুক্ত ব্যাংক এবং সংশ্লিষ্ট সব পক্ষকে ২৪ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার অনুরোধ জানিয়েছে। ২০২৭ সালের হজ নিবন্ধন এবং হজসংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা ও বিস্তারিত তথ্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজবিষয়ক ওয়েবসাইটে পাওয়া যাবে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)