Logo
×

Follow Us

জাতীয়

স্থানীয় সরকার নির্বাচনে সব দলের বৈধ প্রার্থীদের সুযোগ রয়েছে: প্রতিমন্ত্রী

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ পিএম

স্থানীয় সরকার নির্বাচনে সব দলের বৈধ প্রার্থীদের সুযোগ রয়েছে: প্রতিমন্ত্রী

সংগৃহীত ছবি

দলীয় প্রতীক ও মনোনয়নে স্থানীয় সরকার নির্বাচন না হওয়ায় আইন অনুযায়ী যোগ্যতা থাকা যেকোনো বৈধ প্রার্থী নির্বাচনে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সাথে বৈঠক করেন স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হলে সরকারের অবস্থান কী—এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এ নির্বাচন দলীয়ভাবে অনুষ্ঠিত হচ্ছে না। এখানে দলীয় মনোনয়ন বা দলীয় প্রতীক থাকছে না। ফলে আওয়ামী লীগ হিসেবেও কেউ দলীয়ভাবে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ পাচ্ছে না।

বিএনপির স্থানীয় পর্যায়ে প্রার্থী সমর্থনের বিষয়ে তিনি বলেন, দলটি স্থানীয়ভাবে সমর্থিত প্রার্থী দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। সংশ্লিষ্ট উপজেলা বিএনপি ইউনিয়ন পর্যায়ে একজন সমর্থিত প্রার্থী নির্ধারণ করতে পারে। সব ইউনিয়নে একক সমর্থিত প্রার্থী রাখার বিষয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায় থেকেও স্থানীয় নেতাদের নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান তিনি।

তবে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি আলাদা কোনো ভূমিকা নেবে না উল্লেখ করে মীর শাহে আলম বলেন, সরকারের দায়িত্ব হবে নির্বাচন কমিশনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় সহযোগিতা করা।

তিনি বলেন, দলীয়ভাবে নির্বাচন না হওয়ায় আইন অনুযায়ী বৈধ প্রার্থী হিসেবে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বিঘ্নে প্রচার-প্রচারণার সুযোগ দিতে নির্বাচন কমিশনকে স্থানীয় ও কেন্দ্রীয় প্রশাসন সহযোগিতা করবে।

আওয়ামী লীগের নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সরকারের বার্তা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, যেহেতু এটি দলীয় নির্বাচন নয়, তাই আইন অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতা থাকা সব বৈধ প্রার্থীই প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়ার বিষয়ে জনগণের সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি নির্দেশনা রয়েছে বলেও জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।

মন্তব্য করুন